ঋণ শোধের পরও ২৫ গাড়ির মালিকানা দেয়নি আইপিডিসি

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১২:৪১ এএম

নির্দিষ্ট মেয়াদের মধ্যে সুদ ও আসলসহ ঋণের কিস্তি পরিশোধের পরও ২৫ গাড়ির মালিকানা হস্তান্তর না করার অভিযোগ উঠেছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের বিরুদ্ধে। ঋণ পরিশোধের পর অনাপত্তি না দিয়ে উল্টো এখন গোপন সুদের নামে গ্রাহকের কাছে এক কোটি টাকা অতিরিক্ত দাবি করছে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, মিথ্যা তথ্য দিয়ে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি রিপোর্টে গ্রাহককে খেলাপি দেখানো হয়েছে। বিষয়টি সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনাও মানছে না আইপিডিসি।

গতকাল সোমবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আইপিডিসির বিরুদ্ধে এসব অভিযোগ করেন আল হাবিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. হাবিবুর রহমান।

হাবিবুর রহমান জানান, ২০১৬ সালের ডিসেম্বরে আইপিডিসি থেকে ৬০টি কিস্তিতে পরিশোধের শর্তে ১০ দশমিক ৫ শতাংশ সুদে গাড়ি কেনার জন্য ৩ কোটি ৪০ লাখ টাকা ঋণ নেন। কিন্তু ঋণের টাকা ছাড় হওয়ার আগেই ঋণ পরিশোধ বাবদ ৭ লাখ ৩০ হাজার ৭৯৩ টাকা করে ৬০টি চেক নিয়ে নেয় আইপিডিসি। ঋণের টাকায় নিটল টাটা থেকে ১০টি গাড়ি কেনা হয়। যা নিটল টাটাকে সরাসরি পরিশোধ করে আইপিডিসি। সেই ঋণের সর্বশেষ কিস্তি (সুদসহ) গত ৩০ জুন মোট ৪ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার ৫৮০ টাকা আইপিডিসিকে পরিশোধ করে আল হাবিব এন্টারপ্রাইজ।

একইভাবে গাড়ি কেনার জন্য ২০১৭ সালের জুলাই মাসে ৬০ কিস্তিতে পরিশোধের শর্তে ১০ দশমিক ৫ শতাংশে সুদে আরও ৫ কোটি টাকা ঋণ নেয় আল হাবিব এন্টারপ্রাইজ। ঋণের বিপরীতে ১০ লাখ ৭৪ হাজার ৬৯৫ টাকা করে ৬০টি কিস্তির চেক জমা নেয় আইপিডিসি। এই ঋণের টাকায় র‌্যাংগস মটরস থেকে ১৫টি গাড়ি কেনা হয়। গত ৩০ অক্টোবর এই ঋণের সর্বশেষ কিস্তিসহ সুদে-আসলে মোট ৬ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ৭০০ টাকা আইপিডিসিকে পরিশোধ করে আল হাবিব এন্টারপ্রাইজ।

হাবিবুর রহমান জানান, ২৫টি গাড়ি কেনার জন্য আইপিডিসি থেকে মোট ৮ কোটি ৪০ লাখ টাকা ঋণ নেয় আল হাবিব এন্টারপ্রাইজ। শর্ত অনুযায়ী নির্দিষ্ট মেয়াদে সুদে-আসলে ১০ কোটি ৮৩ লাখ টাকা পরিশোধ করা হয়। কিন্তু দুটি ঋণের সব টাকা পরিশোধ করা হলেও এখনো পর্যন্ত আমাদের অনাপত্তিপত্র দিচ্ছে না লিজিং প্রতিষ্ঠান আইপিডিসি। যে কারণে গাড়ির মালিকানাও বুঝে পাচ্ছে না আল হাবিব এন্টারপ্রাইজ। উল্টো এখন এক কোটি ৫ লাখ টাকা গোপন সুদ দাবি করছে আইপিডিসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত