২৫ জানুয়ারি থেকে মেট্রোরেল থামবে পল্লবী স্টেশনেও

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ০২:৫৩ এএম

আগামী ২৫ জানুয়ারি থেকে মেট্রোরেল পল্লবী স্টেশনেও থামবে। এখন আগারগাঁও থেকে উত্তরা চলাচল করলেও ওই দিন থেকে পল্লবী স্টেশনটিতে সব কার্যক্রম সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। গতকাল সোমবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক এসব কথা বলেন।

ডিএমটিসিএল এমডি বলেন, ‘মেট্রোরেলের সময়সূচিতেও সামান্য পরিবর্তন আনা হবে। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। তবে গেট খোলা হবে ৮টা থেকে আর বন্ধ হবে ১২টায়। আর স্টেশনে যত যাত্রী থাকবেন, সব যাত্রী নিয়েই চলবে ট্রেন।’

এছাড়া মেট্রোরেলে বর্তমানে প্রতি ট্রিপে ২০০ জন যাত্রী চলাচল করলেও, যাত্রী সংখ্যার ওপর বিধিনিষেধ শিথিল করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। 

গত ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। তবে, উদ্বোধনের পর প্রথম ৩ মাস মেট্রোরেল মাঝের কোনো স্টেশনে থামবে না বলে ডিএমটিসিএল কর্র্তৃপক্ষ এর আগে জানিয়েছিল। কর্র্তৃপক্ষ বলেছিল, শুরুতে সীমিতভাবে মেট্রোরেল চলাচল করবে। ২৬ মার্চ থেকে উত্তরা-আগারগাঁও রুটে পুরোদমে চলাচল করবে মেট্রোরেল। এই রুটের জন্য ৬ কোচবিশিষ্ট ১০টি ট্রেন প্রস্তুত করা আছে।

এম এ এন ছিদ্দিক জানান, উদ্বোধনের পরদিন থেকে চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত মেট্রোরেলে ৯০ হাজার যাত্রী চলাচল করেছেন। আয় হয়েছে প্রায় ৮৮ লাখ টাকা। তবে মেট্রোরেল যখন পুরোপুরি চালু হবে তখন গড়ে প্রতিদিনি ৩ কোটি টাকা আয় করতে হবে মেট্রোরেলকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত