শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর প্রচারে ব্যস্ত সময় পার করছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সিনেমাটি বড় পর্দায় আসছে ২০ জানুয়ারি। শিশুদের ভ্রমণের গল্প নিয়ে মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস রাতুলের রাত রাতুলের দিন অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। রায়হান জুয়েল পরিচালিত সিনেমাটির প্রচারণার মধ্যেই একই পরিচালকের সঙ্গে ‘চলো বদলে যাই’ নামে নতুন একটি সিনেমার ঘোষণা দিলেন পরী। ফেইসবুকে পরিচালকের সঙ্গে একটি ছবি পোস্ট করে রবিবার রাত সাড়ে ৮টার দিকে নতুন এই সিনেমার নাম ঘোষণা করেন পরীমণি। এই সিনেমার বিষয়টি পরিচালক রায়হান জুয়েলও নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ যেটা বলে সেটা এখনো হয়নি। আমি এই সিনেমার গল্পটা ভাবার সময় পরীমণিকেই ভেবে রেখেছিলাম। তাকে গল্পটা শুনানোর পর তারও খুব পছন্দ হয়েছে, গল্পটা নিয়ে সে বেশ এক্সসাইটেড। গল্প শুনেই পরীমণি বলল চলেন সিনেমার নাম ঘোষণা দিয়ে দিই।’
পরীমণি সোমবার সন্ধ্যায় বললেন, ‘গল্পটা শুনেই ভালো লেগে যায়। তাই পরিচালককে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছি। আমার কেন জানি মনে হয়েছে, এমন একটি গল্পই আমি বেশ কিছুদিন ধরে খুঁজছিলাম। বদলে যাওয়ার এই গল্প সবাইকে ভাবাবে। আমিও এমন একটি গল্পের শ্যুটিং শুরুর অপেক্ষায় রইলাম।’
সিনেমাটির গল্প নিয়ে জানতে চাইলে এই নির্মাতা বলেন, ‘এক তরুণী ও এক তরুণের জীবনের সংগ্রামের গল্প নিয়ে সিনেমা। প্রধান দুই চরিত্রের একটিতে পরীমণি থাকছেন, অপর চরিত্রে কে থাকছেন এখনো তা চূড়ান্ত হয়নি। কারণ গল্পটি নিয়ে আরও কাজ করতে হবে। গল্পটা শুনে পরীমণিও কিছু মতামত দিয়েছে। আমরা এখনো গল্পটার ফাইনাল লাইনআপ করছি। তবে এটুকু বলা যায় এটি থ্রিল, রোমাঞ্চ ও অ্যাকশনধর্মী একটি কমার্শিয়াল সিনেমা হবে। ফেব্রুয়ারি মাসে বাকি শিল্পীদের নাম ঘোষণার পাশাপাশি ছবি সংশ্লিষ্ট সবকিছু আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আর জুলাই-আগস্টে শ্যুটিং শুরু করতে চাই।’
পরীমণির ব্যক্তিজীবনের চড়াই-উতরাই প্রভাব ফেলেছিল তার কাজেও। চিত্রনায়ক স্বামী শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে কম আলোচনা হয়নি মিডিয়ায়। আরেক চিত্রনায়িকা ও পরীমণির বান্ধবী শিরিন শিলা তার ফেইসবুক ওয়ালে কিছু স্ক্রিন শট শেয়ার করেন। তাতে দেখা যায় পরী, রাজ ও তাদের ছেলে রাজ্য হাসিখুশি মনে শিলার সঙ্গে ভিডিওকলে কথা বলেছেন। শিলার পোস্টের ক্যাপশন দেখে অনেকেই স্বস্তি পান যে, এত ঘটনার পরও তারা ছেলের মুখের দিকে চেয়ে সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু এক দিনের মাথায় শিরিন শিলার সেই পোস্ট উধাও! পরে এই অভিনেত্রী গণমাধ্যমকে জানান, এই পোস্টটি দিতে পরীমণিই তাকে অনুরোধ করেন। কিন্তু রাজের সেটি ভালো লাগেনি। তিনি শিলাকে ফোন করে পোস্ট ডিলিটও করতে বলেন। শিলা সেটি না করায় রাজই হয়তো তার আইডিতে রিপোর্ট করে ডিজ্যাবল করে দিয়েছে। তাই তিনি নিজের ফেইসবুকেই ঢুকতে পারছেন না। এই পর্যায়ে এসে পরী-রাজের সংসারের অস্তিত্ব নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। অবশেষে গতকাল শরিফুল নিজেই তার ফেইসবুকে কিছু চমৎকার ছবি শেয়ার করেন। তাতে পরী, রাজ ও তাদের ছেলে রাজ্যকে খুবই হাসিখুশি দেখাচ্ছে। এই পোস্টের ক্যাপশনে রাজ লিখেছেন, ‘আমার প্রিয় রাজ্যের শুভ ৫ মাস, পরিবার’।
রাজের এই পোস্ট আর পরীমনির নতুন ছবির ঘোষনা, সব মিলিয়ে বোঝা যাচ্ছে সবদিকেই স্বস্তি ফিরিয়ে আনতে চেষ্টা করছেন নায়িকা। এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণির নামে করা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে পরীমণির নামে করা মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। বিচারপতি নুরুজ্জামানের সমন্বয়ে গঠিত তিন সদস্যের আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। এ আদেশের ফলে হাইকোর্টে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারিক আদালতে এ মামলার কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছেন পরীমণির আইনজীবীরা।
