কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে চট্টগ্রামে পৌঁছে গেছেন পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ। চশমাধারী এই লেগস্পিনার কিছুদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকেই নিয়েছিলেন দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট। জে কে রাউলিংয়ের বিখ্যাত চরিত্র হ্যারি পটারের মতো গোলফ্রেমের চশমা আর বাচ্চা বাচ্চা চেহারার কারণেই আবরারের নাম হয়ে যায় হ্যারি পটার! বিপিএল খেলতে কাল দলের সঙ্গে যোগ দিয়েছেন বছর চব্বিশের এই তরুণ।
আবরার খেলছেন না নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে, তাই চলে এসেছেন বিপিএলে। রংপুর রাইডার্সের দুই বিদেশি ক্রিকেটার, বেনি হাওয়েল ও সিকান্দার রাজা উড়াল দিয়েছেন আরব আমিরাতে, তাদের জায়গা পূরণ করতে আসছেন পাকিস্তানের ৩ ক্রিকেটার। টপঅর্ডার ব্যাটসম্যান সিয়াম আইয়ুব এরই মধ্যে চলে এসেছেন, নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজ শেষে আসবেন হারিস রউফ এবং মোহাম্মদ নাওয়াজ। একই দিনে খুলনা টাইগার্সের বিপক্ষে চট্টগ্রামে মাঠে নামবে রংপুর রাইডার্স। ফখর জামান ও আমাদ বাট খুলনা টাইগার্সের সঙ্গে বিপিএলের চট্টগ্রাম পর্বেই যোগ দেবেন। তবে তাদের দলে যোগ দেওয়ার দিনতারিখ ঠিক হয়নি এখনো।
এছাড়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে কালই দেশে পৌঁছেছেন দলটির উইন্ডিজ ব্যাটার চ্যাডউইক ওয়ালটন।
