পেলের শেষকৃত্যে উপস্থিত হয়ে একটি ঘোষণা দিয়েছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। সব দেশে ব্রাজিল কিংবদন্তির নামে অন্তত একটি স্টেডিয়াম নামকরণের। এই উদ্যোগে ইতিমধ্যে অনেক দেশ সাড়া দিয়েছে। কেপ ভার্দে, কলম্বিয়া, পূর্ব তিমুর ও গিনি বিসাউ নিজেদের একটি স্টেডিয়ামের নাম পেলের নাম করে ফেলেছে। মেক্সিকো এখনো তাদের কোনো মাঠকে তিন বিশ্বকাপ জয়ীর নাম দেয়নি। তবে দেশটির ক্লাব পাচুকা অভিনব সম্মান জানিয়েছেন ফুটবল সম্রাটকে। তারা পেলের নামে নিজেদের স্টেডিয়ামে একটি সিংহাসন বসিয়েছে। সোমবার সেই স্থায়ী সিংহাসন উন্মোচন করেছে তারা।
পাচুকা মেক্সিকোর শীর্ষ লিগের দল। দেশটির অপর ক্লাব পুয়েবলারের বিপক্ষে সোমবার তারা ৫-১ গোলে জিতেছে। ওই ম্যাচেই ক্লাব প্রেসিডেন্ট হেসাস মার্তিনেজ এই সিংহাসন উন্মোচন করেন। পাচুকার মাঠ এস্তাদিও হিদালগোর পরিচালকদের জন্য নির্ধারিত বক্সের নিচেই স্থাপন করা হয় পেলের স্বাক্ষর সংবলিত এই সিংহাসন। নিজেদের ওয়েবসাইটে ওই ছবি দিয়ে পাচুকা লিখেছে, ‘সর্বকালের সেরা, রাজার সিংহাসনের জায়গা।’
শুধু সিংহাসন দিয়েই নয়, এই ম্যাচে পাচুকার খেলোয়াড়রা মাঠে নেমেছিলেন ব্রাজিলের জার্সি পরে। স্টেডিয়ামে ড্রোনের সাহায্যে পেলের ক্যারিয়ার ডিসপ্লে করা হয়। খেলোয়াড় ও দর্শকরা ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেন। ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে পেলে যে ১০ নম্বর জার্সি পরেছেন সেই জার্সি পাচুকার সবার গায়ে ছিল। নিজেদের ওয়েবসাইটে একটি ভিডিও পোস্ট করে পাচুকা লিখেছে, ‘আমাদের প্রতিষ্ঠানের প্রতিটি জায়গা আপনি আলোকিত করেছেন, জাদু রেখে গেছেন।’ ২০০১ সালে মেক্সিকোর পাচুকা ক্লাব দেখতে গিয়েছিলেন পেলে। এছাড়া ক্লাবটির স্টেডিয়াম উদ্বোধনের সময়ও ছিলেন।
