শিশু তাহসিন হত্যার মূল অভিযুক্ত আটক

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৮:৪৯ এএম

বগুড়া শহরের গোদারপাড়ায় শিশু হত্যার ঘটনায় মূল অভিযুক্ত আমিনুর ইসলামকে (৪৫) আটক করেছে পুলিশ। বুধবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের সপ্তপদী মার্কেট থেকে তাকে আটক করা হয়। আটককৃত হলেন বগুড়া শহরের পশ্চিম গোদারপাড়া এলাকার মো. জলিলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপশহর ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিঞা। তিনি বলেন, নির্মম হত্যার শিকার শিশু তাহসিন নিহত হওয়ার পর থেকেই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছিলাম। একপর্যায়ে শহরের সাতমাথার সপ্তপদী মার্কেটের মোবাইল রিচার্জ করতে আসে আমিনুর। পরে তাকে চিহ্নিত করে আটক করা হয়।

এর আগে গত মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৭টার দিকে সদরের পশ্চিম গোদারপাড়া এলাকায় পারিবারিক দ্বন্দের জেরে স্কুলপড়ুয়া তাহসিন ফকির (৯)-বে বাঁশের খুটি দিয়ে আঘাত করে অভিযুক্ত আমিনুর। পরে গুরুতর আহত তাহসিনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১১ জানুয়ারি) দুপুর ২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহসিন মারা যায়।

এ ঘটনায় বগুড়া সদর থানায় সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন তাহসিনের বাবা কুদ্দুস ফকির। বিষয়টি নিয়ে বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা বাবু কুমার সাহা বলেন, শিশু হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত