নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণে প্রতি বছরই নাট্যোৎসব আয়োজন করে স্বপ্নদল। নিয়মিত উৎসবের ২৭তম আসর শুরু হচ্ছে আজ। তার ১৫তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব ২০২৩’ এবারের স্লোগান ‘ঐতিহ্য-রবীন্দ্রনাথ-সেলিম আল দীন ধারায়, বাঙলা নাট্যের শিল্পশক্তি জগৎ করবে জয়’। উৎসবে স্বপ্নদলের প্রযোজনা মূকনাট্য ‘ম্যাকবেথ’-এর উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা ৬টা এবং সাড়ে ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে। উইলিয়াম শেকসপিয়ারের রচনা অবলম্বনে মূকনাট্য ‘ম্যাকবেথ’-এর কাহিনী পুনর্বিন্যাস করেছেন জুয়েনা শবনম এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব ম. হামিদ। অতিথি থাকবেন নাট্যগবেষক ড. বাবুল বিশ্বাস, জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের চেয়ারম্যান ড. ইস্রাফিল আহমেদ প্রমুখ। মূকনাট্য বা মাইমোড্রামা হচ্ছে মূকাভিনয়-আঙ্গিক প্রয়োগের মাধ্যমে নির্মিত একক কাহিনীভিত্তিক পূর্ণাঙ্গ দৈর্ঘ্যরে নাট্যপ্রযোজনা। বিশ্বে শেকসপিয়ারের রচনা নিয়ে মঞ্চ-চলচ্চিত্র-টেলিভিশনে নানামাত্রিক সৃজনকর্ম পরিচালিত হলেও জানা মতে ব্যবহারিক গবেষণার মাধ্যমে মূকনাট্য বা মাইমোড্রামা হিসেবে মঞ্চে উপস্থাপন স্বপ্নদলের ‘ম্যাকবেথ’-ই প্রথম।
×
