ওমানকে আরেকবার কাঁদিয়ে মেন্স জুনিয়র (অনূর্ধ্ব-২১) এএইচএফ কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। গতকাল রোমাঞ্চকর ফাইনালে পেনাল্টি শ্যুট আউটে স্বাগতিকদের ৭-৬ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বয়সভিত্তিক এই আসরের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ যুবদল। নির্ধারিত চার কোয়ার্টারে ম্যাচটা ১-১ অমীমাংসিত ছিল। ২০১৪ সালে ওমানকে ঘরের মাঠে ৪-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছিল বাংলাদেশ। এবার ওমানের মাঠে স্বাগতিকদের হারানোর তৃপ্তি নিয়ে আজ দেশে ফিরবে মামুনুর রশীদের শিষ্যরা।
অথচ নির্ধারিত চার কোয়ার্টারের বেশিরভাগ সময় জয়ের নিক্তি ঝুঁকে ছিল স্বাগতিকদের দিকে। ম্যাচের শুরুর মিনিটেই আল-নৌফেল আলখোদেরের ফিল্ড গোলে লিড নেয় ওমান। এই লিড ধরে রেখে তারা শেষ কোয়ার্টার খেলতে নেমেছিল শিরোপার সুবাস নিয়ে। তবে ৫২ মিনিটে রাকিবুল হাসান রকি গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরায়। তাতে ভাগ্য গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। ভাগ্য পরীক্ষায় প্রথম পাঁচটি প্রচেষ্টা শেষে দুদলই তিনটি করে গোল করে। এরপর সাডেন ডেথে চলতে থাকে ভাগ্য পরীক্ষা। ৬-৬ সমতার পর বাংলাদেশের হয়ে মোহাম্মদ জয় দলের হয়ে শ্যুট আউটে করেন সপ্তম গোল। তবে ওমানের হয়ে বাইত তালাল গোল করতে ব্যর্থ হলে শিরোপা উল্লাসে মেতে ওঠে মাত্র ১০ দিনের প্রস্তুতি নিয়ে খেলতে যাওয়া বাংলাদেশ।
