জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১১:৪২ পিএম

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দিবস। ১৯৭১ সালের ১২ জানুয়ারি ১৫০ ছাত্র ও চারটি বিভাগ নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এ বিশ^বিদ্যালয়। তার আগে ১৯৭০ সালের ২০ আগস্ট তৎকালীন সরকারের এক অর্ডিন্যান্সে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে ঢাকার সাভারে এ বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। ২০০১ সাল থেকে ১২ জানুয়ারিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করে আসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই হিসেবে ৫২ বছর পেরিয়ে ৫৩তম বছরে পদার্পণ করল জাবি। দিবসটি উপলক্ষে গতকাল সকাল ১০টায় ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার রহিমা কানিজ। অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি উদ্বোধনের পর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেলিম আল দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। বেলা সাড়ে ১১টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। একই স্থানে বিকেল ৪টায় পুতুল নাচের প্রদর্শনী, ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় বাউল শফি মন্ডলের একক সংগীতানুষ্ঠান হয়। ক্যাফেটারিয়া প্রাঙ্গণে চলে দিনব্যাপী চাকরিমেলা, রক্তের গ্রুপ নির্ণয় ও পিঠামেলা। এ ছাড়া বেলা সাড়ে ১১টায় শারীরিক শিক্ষা অফিসের পেছনে বৃক্ষরোপণ ও ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে বিশ^বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে প্রীতিফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত