তীব্র শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখ লাখ মুসল্লি জড়ো হয়েছেন টঙ্গীর তুরাগতীরে। আজ শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বের মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমার ৫৬তম আয়োজন।
ইজতেমায় আগত মুসুল্লিদের জন্য স্বাস্থ্য বিষয়ক কিছু পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শুক্রবার (১৩ জানুয়ারি) বিভিন্ন গণমাধ্যমে 'বিশ্ব ইজতেমায় স্বাস্থ্য বিষয়ক করণীয়' গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এ পরামর্শ দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, খাওয়ার পূর্বে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিন; বাসি, পঁচা ও খোলা খাবার খাবেন না; প্রতিবার পায়খানার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন; মেয়াদোত্তীর্ণ কোনো প্যাকেটজাত খাবার কিনবেন না বা গ্রহণ করবেন না; অপরিচিত লোকের দেওয়া কোনো খাবার বা পানীয় গ্রহণ করবেন না; অতিরিক্ত ঠান্ডায় ফুসফুস, শ্বাসনালী এবং পেটে মারাত্মক জীবাণু সংক্রমণ হতে পারে। বয়স্ক মুসুল্লিদের এই ধরনের অসুস্থতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কাজের গরম কাপড় পরিধান করুন এবং ঠান্ডা থেকে সুরক্ষিত থাকুন এবং অসুস্থ হলে ইজতেমাস্থলে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প বা শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিন।
গণবিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য কয়েকটি নম্বরও দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন- শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী, গাজীপুর- ০১৭৩০৩২৪৮২১; টঙ্গী ইজতেমা ময়দানস্থ অস্থায়ী মেডিকেল ক্যাম্পসমূহ- ০২২২৪৪১০০৯১-৩; ফায়ার সার্ভিস-০২২২৮৮১০০৭৭, ০২২২৮৮১০০৮২; অ্যাম্বুলেন্স- ০১৩২৪৫৯১১৭৭, ০১৮৭৭৩৩৮৯৯৭; কন্ট্রোল রুম- ০২২২৪৪১০০৬৫।
