মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের জয়টা ঐতিহাসিক। বিদেশের মাটিতে বড় দলের বিপক্ষে জয় বলে কথা! সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৪৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন ইবাদত হোসেন। যা উইজডেনের ২০২২ সালের স্পেল অব দ্যা ইয়ার কাউন্টডাউনে প্রথম স্থান অর্জন করেছে।
এবাদতের প্রতিদ্বন্দ্বি হিসেবে তালিকায় ছিলেন ওলি রবিনসন, ম্যাট হেনরি, প্যাট কামিন্সের মতো নাম। এসব তারকাদের ঠেলে টপকে গিয়েছেন এবাদত। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে এবাদতের ম্যাচজয়ী বোলিংকে বর্ষসেরা স্পেল হিসেবে ঘোষণা করেছে উইজডেন।
টেস্ট অভিষেকের দুই বছর পেরিয়ে গেলেও নিজেকে সেভাবে প্রমাণ করতে পারছিলেন না এবাদত। অবশেষে মাউন্ট মঙ্গানুইয়ের সেই টেস্টে মিলেছে স্বীকৃতি। ঐতিহাসিক সেই টেস্টে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন তিনি। গত বছর টেস্টে এবাদতের চেয়ে বেশি উইকেট নিয়েছেন অনেকেই। কিন্তু উইজডেনের চোখে কেউই এবাদতের ওই স্পেলকে ছাড়িয়ে যেতে পারেনি।
