একই ব্যক্তি যাতে দুবারের বেশি সংসদ সদস্য বা মন্ত্রী না হতে না পারেন, এমন বিধান তৈরির দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, ‘একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হতে পারবে না বলে আমরা ২৭ দফায় উল্লেখ করেছি। একইভাবে মন্ত্রী এবং এমপি দুবারের বেশি হতে পারবে না এমন বিধান করলে রাজনীতিবিদরা তো এমনিতেই ঠিক হয়ে যাবে।’
গতকাল শুক্রবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাবের) উদ্যোগে ‘রাষ্ট্রীয় কাঠামো মেরামতে ২৭ দফা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘একদলীয় লোকেরা দেশের সংবিধান তৈরি করেছে। আওয়ামী লীগের বাইরে মাত্র দুজন সদস্য সংবিধান প্রণয়ন কমিটিতে ছিলেন। তারা কেউই সেই সংবিধানে স্বাক্ষর করেননি। তাই এটি একনায়কদের সংবিধান। এ সংবিধান বারবার কাটাছেঁড়া না করে পুরোটাই ফেলে দিন। ১৯৭২ সালে প্রণয়ন করা বাংলাদেশের সংবিধান পুরোপুরি বাতিল করে নতুন একটি সংবিধান প্রণয়ন করতে হবে।’
