হবিগঞ্জের মাধবপুরে এক স্কুলছাত্রীকে অপহরণের পর বন্ধুর বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা গতকাল শুক্রবার সকালে মাধবপুর থানায় মামলা করেছেন। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও মেয়েটির মা জানান, গত রবিবার সন্ধ্যায় বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে প্রবাসী বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিল ওই স্কুলছাত্রী। এ সময় উপজেলার সাতপাড়িয়া গ্রামের মৃত নজু মিয়া খানের ছেলে মো. এমরান মিয়াসহ অজ্ঞাতপরিচয় দুই-তিনজন তাকে অপহরণ করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।
পরে শায়েস্তাগঞ্জ থানা এলাকায় এক বন্ধুর বাসায় আটকে রেখে ধর্ষণ করে। গত বুধবার রাতে মেয়েটি কৌশলে পালিয়ে আসে। পরে স্থানীয় ইউপি সদস্য তাকে মায়ের কাছে পৌঁছে দেন।
