লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিন বছরের আরেক শিশুসন্তান। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বুড়িমারী ইউনিয়নের দর্জিটারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পাটগ্রাম ইউনিয়নের ধবলসুতি রহমানপুর গ্রামের রাশেদুজ্জামানের স্ত্রী সুমি আক্তার (২৭) ও কন্যা শিশু তাসমিরা তাবাসুম তাসিম (২)। এ সময় তিন বছরের শিশুসন্তান তৌহিদ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রেল কর্তৃপক্ষ ও স্থানীয়দের ধারণা, দুই শিশুসন্তানকে নিয়ে সুমি ট্রেনের নিচে ঝাঁপ দেন।
লালমনিরহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলী বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনার তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
