এবার বাড়ছে স্টল কমছে বই

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০৩:১৯ এএম

অমর একুশে বইমেলা শুরু হতে আরও ১৭ দিন বাকি। এরই মধ্যে বাংলা একাডেমি মাঠ ও সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে মেলার প্রস্তুতি। তবে গত দুই বছর করোনা মহামারীর কারণে মেলা অনেকটা দেরিতে শুরু হয়েছে। এবার সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি থেকেই বইমেলা শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এ বিষয়ে এবার অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডা. মুজাহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘এবার করোনার কোনো প্রকোপ না থাকলে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে বাংলা একাডেমিতে ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন হবে। আমরা ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সম্মতি পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘প্রতিবারের মতো এবারও বাংলা একাডেমির মাঠ ও সোহরাওয়ার্দী উদ্যানে মেলা হবে। যদিও এবারের মেলার মাঠ নিয়ে চিন্তায় ছিলাম। তবে ১ তারিখ থেকে পিডব্লিউডির কাছ থেকে মাঠ বুঝে নিয়েছি। মেলা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আমরা অফিশিয়াল সব প্রস্তুতি সেরে রেখেছি। যারা স্টল বরাদ্দের জন্য অনলাইনে আবেদন করেছেন তাদের আমরা স্টল বরাদ্দ দিয়ে দিয়েছি। ৮ জানুয়ারি পর্যন্ত লিট ফেস্ট থাকায় মাঠপর্যায়ের কাজ শুরু করতে কিছুটা দেরি হয়েছে। অনেক পরে কাজ শুরু করলেও ৫০ শতাংশের মতো আমাদের কাজ এগিয়ে গেছে। স্টল নিয়ে গতবার আমাদের কাছে কিছুটা অভিযোগ ছিল। বিশেষ করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাছাকাছি যে ১৮২টা স্টল ও প্যাভিলিয়ন তাদের খুব খারাপ অবস্থা ছিল। তাদের কথা চিন্তা করে বাংলা একাডেমি ও সংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয় এবার নামাজের স্থান, আনসার ক্যাম্প, খাবারের স্টল ও শৌচাগারসহ সেবামূলক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশটায় রেখে পরিকল্পনা করেছি।’

প্রতি বছর বইপ্রেমীদের প্রাণের উৎসব অমর একুশে বইমেলায় প্রবেশ ও প্রস্থানের জন্য আটটি গেট করা হতো। এবার টিএসসির পাশে মেট্রোরেলের স্টেশন নির্মাণের কাজ চলার কারণে মাঝের একটি প্রবেশ ও দুটি প্রস্থানপথ ব্যবহার করতে পারছে না মেলা কর্র্তৃপক্ষ। ফলে অন্যান্য বছরের তুলনায় এবার মেলার অবকাঠামোগত পরিবর্তন হয়েছে অনেক।

এ প্রসঙ্গে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডা. মুজাহিদুল ইসলাম বলেন, ‘যেহেতু মেট্রোরেলের স্টেশনের জন্য এবারের মেলার অবকাঠামোগত অনেক কিছুর পরিবর্তন হয়েছে, এ ব্যাপারে মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা আমাদের অনেক সহায়তা করেছে। ফলে এবার আমরা মন্দির গেটকে মেলার প্রবেশ গেট এবং নতুন করে একটি বাইরের গেটের ব্যবস্থা করেছি। এ ছাড়াও উদ্যানে সাধুসঙ্গ নামে একটি জায়গা রয়েছে সেটিকে শিশু কর্নার করেছি।’

সরেজমিনে গতকাল শুক্রবার বাংলা একাডেমি মাঠ ও সোহরাওয়ার্দী উদ্যানে দেখা যায়, ব্যস্ত সময় পার করছেন স্টল তৈরির শ্রমিকরা। একাডেমি মাঠ ও উদ্যানে কর্মরত কয়েকজন শ্রমিক ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে কথা হলে জানা গেছে, এবার মেলায় স্টলের সংখ্যা হবে ৭৫০-৮০০টি। এরই মধ্যে ৩০০-৩৫০টি স্টলের কাঠামো তৈরি হয়েছে। এখনো স্টলের প্যান্ডেল, ছাউনি ও সীমানার কাজ বাকি।

এ বিষয়ে একটি স্টলে কর্মরত বেলায়েত সরদার নামে এক কর্মী দেশ রূপান্তরকে বলেন, ‘স্টলের সৌন্দর্যবর্ধনের কাজ এগিয়ে চলছে। ঠিকঠাক সব উপকরণ পেলে এটি শেষ করতে আরও ১০-১২ দিন সময় লাগতে পারে। তবে এই মুহূর্তে বইমেলা নিয়ে সবচেয়ে ব্যস্ত সময় পার করছি।’

ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কর্মী শাহেদ দেশ রূপান্তরকে বলেন, ‘গত বছরের তুলনায় এবার এবার বাড়ছে স্টল কমছে বইমেলায় স্টলসংখ্যা বেড়েছে। গত বছর যেখানে প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা ছিল ৬৫০টির মতো, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৭০০টির একটু বেশি। দেরিতে মেলার স্টল নির্মাণকাজ শুরু হওয়ায় আমাদের কর্মীদের দম ফেলার সময় নেই। সব কাজ শেষ করে আগামী ২৫-২৬ তারিখের মধ্যে বাংলা একাডেমি কর্র্তৃপক্ষকে স্টল বুঝিয়ে দিতে হবে।’

এদিকে কাগজের দাম বাড়ার কারণে এ বছর অনেক প্রকাশকই মেলায় নতুন বই আনছেন না। আবার যারা নতুন বই আনার চিন্তা করছেন তারাও এখনো প্রেসে তাদের সংগ্রহে থাকা পা-ুলিপি পাঠাননি। প্রকাশকদের দাবি, কাগজের দাম বেড়ে যাওয়ায় এবার বইয়ের দাম বেশি রাখতে হচ্ছে। তাই ভেবেচিন্তেই তারা বই প্রকাশ করবেন।

কবিতা প্রকাশনার স্বত্বাধিকারী নজরুল হায়দার দেশ রূপান্তরকে বলেন, ‘আবেদন করে আমরা স্টল বরাদ্দ পেয়েছি। কাগজের দাম এবার আড়াইগুণের বেশি বেড়েছে। তাই বইয়ের দামও অনেক বাড়বে। সব বিবেচনা করে এখনো নতুন বই নিয়ে ছাপাখানায় যাইনি। লেখকরাও অনেকে ভেবেচিন্তে তাদের পা-ুলিপি দিচ্ছেন। শেষ পর্যন্ত যদি সাশ্রয়ী মূল্যে কাগজ না পাওয়া যায় তাহলে অন্যবারের তুলনায় এবারে বইয়ের দাম ৩০-৩৫ শতাংশ বাড়ানো হবে।’

অন্যপ্রকাশের সিইও মাজহারুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘কাগজের দাম এবার আড়াইগুণের বেশি বেড়েছে। ফলে আগের তুলনায় এক-চতুর্থাংশ বই আনছি। তবে নতুন লেখকদের বই আসছে হাতেগোনা। সব মিলিয়ে এবার বইয়ের দাম ৩০ শতাংশ বাড়ানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত