শাকিরার নতুন রেকর্ড

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১২:৩৮ এএম

গত ১২ ডিসেম্বর মুক্তি পেয়েছে বিশ্ববিখ্যাত পপতারকা ও জনপ্রিয় কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরার নতুন মিউজিক ভিডিও। মুক্তির পরেই গানটি একের পর এক রেকর্ড ভাঙছে। ইউটিউবে প্রথমবারের মতো কোনো লাতিন গান ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৩ মিলিয়ন বা ৬ কোটি ৩০ লাখ বার দেখা হয়েছে। 

শাকিরার বিজেডআরপি মিউজিক ৫৩তম সেশনের এই গান স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে ইতিমধ্যে ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখের বেশি বার শোনা হয়েছে। দুই দিনে এখন পর্যন্ত এটি ৮৫ মিলিয়ন বা ৮ কোটি ৫০ লাখ বারের বেশি শোনা হয়েছে।

অনেকেই মনে করছেন, শাকিরা সাবেক প্রেমিক ও তার দুই সন্তানের বাবা জেরার্ড পিকেকে উদ্দেশ্য করে এটি লেখা হয়েছে। এতে শাকিরা নিজেকে বিশ্ববিখ্যাত ওল্ড ব্র্যান্ড ‘ক্যাসিও’ ও ‘রেনোর’ সঙ্গে তুলনা করেছেন।

শাকিরার নতুন গানের কথা বাংলায় দাঁড়ায়, ‘কোনো প্রতিহিংসা নেই প্রিয়। আশা করছি, আমার জায়গায় যাকে নিয়ে আছ, বেশ ভালোই আছ। আমি এখনো জানি না, তোমার কী এমন হয়েছিল। তুমি এমন অদ্ভুত স্বভাবের কেন হয়ে গিয়েছিলে, যা এখন একান্তেও বলা সম্ভব নয়। ২২-এর মধ্যে আমি যেন কেবল দুই ছিলাম তোমার কাছে।’

পিকেকে উদ্দেশ্যে করে শাকিরা গান করুক বা না করুক, এর মধ্যে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ‘ক্যাসিও’ ও ‘রেনোর’ বিজ্ঞাপন হয়ে গেছে। দুটি দামি ব্র্যান্ডই শাকিরার গানটি প্রকাশের পর তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদন থেকে জানা যায়, ক্যাসিও জানিয়েছে, ‘আমাদের প্রতি তার এই বিবেচনা (ছোট করলেও) আমরা পছন্দ করেছি।’ রেনো প্রতিক্রিয়ায় বলেছে, ‘ভদ্রমহিলা ও মহোদয়রা, আপনারা এই গানটির ভলিয়ম বাড়িয়ে দিন।’

বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার জেরার্ড পিকে ও কলম্বিয়ার পপ গায়িকা শাকিরার জুটি ছিল বিশ্বের সবচেয়ে রোমান্টিক ও প্রভাবশালী জুটিগুলোর একটি। তবে সবাইকে হতাশ করে এই তারকা জুটির ১২ বছরের সম্পর্ক ভেঙে যায়। কলম্বিয়ান গায়িকা ও বার্সেলোনার ডিফেন্ডারের দুটি সন্তান আছে। সংবাদমাধ্যমে তারা জানিয়েছিলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা আলাদা হয়ে যাচ্ছি। তবে আমাদের সন্তান আমাদের কাছে প্রধান অগ্রাধিকার। তাদের মঙ্গলের জন্য আমরা গোপনীয়তা বজায় রাখছি।’

দীর্ঘ ১২ বছরের সম্পর্ক শেষ পর্যন্ত ভেঙেই গেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত