মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধার অভিযোগ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ০১:১৭ এএম

চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরে আহমদুল হক নামে এক মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মুক্তিযোদ্ধা আহমদুল হকের পরিবার এলাকার প্রভাবশালী জনৈক মান্নান চৌধুরীর বিরুদ্ধে এ অভিযোগ তোলে।

জানা গেছে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আহমদুল হক ১২ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম শহরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে কবর খনন করতে গেলে জনৈক মান্নান চৌধুরী বাধা দেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

পরে বিকেল ৪টার দিকে পশ্চিম কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা আহমদুল হককে রাষ্ট্রীয় সম্মাননা জানায় উপজেলা প্রশাসন। জানাজা শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি এ টি এম কামরুল ইসলামের হস্তক্ষেপে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার সকালে এ টি এম কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এটি একটি ন্যক্কারজনক ঘটনা। মুক্তিযোদ্ধারা এ দেশের সূর্যসন্তান। মৃত্যুর পর একজন মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার মতো অপরাধ আর হয় না।’

এর আগে এ ঘটনার নিন্দা জানিয়ে বক্তব্য দেন এ টি এম কামরুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মনজুর মোরশেদ ফিরোজ, ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশরসহ অনেকে।

এদিকে অভিযুক্ত মান্নান চৌধুরীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমাদের মধ্যে জায়গা-জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। এটি সমাধান করতে বলেছি। কবর দিতে বাধা দিইনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত