দেশে ক্ষমতার ভারসাম্য জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘দেশের সব ক্ষমতা একজনের হাতে। একজনের হাতে সব ক্ষমতা থাকলে সে স্বৈরাচার হতে বাধ্য। সে জন্য প্রয়োজনে সংবিধান সংশোধন করে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা উচিত।’
গতকাল শনিবার দুপুরে রাজধানীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজন জাপার নেতাকর্মীদের সঙ্গে ‘ক্ষমতা শক্তিশালীকরণের ওপর কৌশলগত এক পরিকল্পনা’ শীর্ষক কর্মাশালায় তিনি এ কথা বলেন। কর্মশালা পরিচালনা করেন জাপার ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান। জাপা মহাসচিব বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যদের মুখ বন্ধ হয়ে আছে। আবার যিনি ক্ষমতাসীন দলে প্রধান তিনিই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাহী বিভাগের প্রধান, আইন সভার প্রধানও তিনি। অনুচ্ছেদের কারণে রাষ্ট্রপতি প্রায় সব সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে বাধ্য। তাই সাংবিধানিকভাবেই সব ক্ষমতা এক ব্যক্তির হাতে ন্যস্ত।’
