যৌথসভায় কাদের

বিএনপি আবারও ওয়ান ইলেভেনের পাঁয়তারা করছে

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ০২:১১ এএম

ষড়যন্ত্রের মাধ্যমে চোরাগলি পথে ক্ষমতায় যেতে বিএনপি আবারও ওয়ান-ইলেভেন সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের দলের সম্পাদকমন্ডলীর সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকদের এক যৌথসভায় উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ভেতরে-ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিলেও নির্বাচনে জিতবে এমন কোনো নিশ্চয়তা পাচ্ছে না। তাই তারা চোরাপথে ক্ষমতা দখলের চেষ্টা করছে। একটা ওয়ান-ইলেভেন হয়েছে, আরেকটা ওয়ান-ইলেভেন সৃষ্টির জন্য পাঁয়তারা করছে।’

তিনি বলেন, ‘বিএনপি দেশকে অস্থিতিশীল করতে নাশকতার প্রস্তুতি নিচ্ছে। তবে, জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ আগের চেয়ে বেশি সুদৃঢ় ও সতর্ক অবস্থায় থাকবে।’ ওবায়দুল কাদের বলেন, ‘ইদানীং আমরা লক্ষ করছি, হঠাৎ করে বাস পোড়ানো হচ্ছে, যেটা ফরিদপুরে ঘটেছে। সেখানে পুলিশের ওপর আক্রমণ করেছে, সেখানকার সবাই এক বাক্যে বলেছে যে পুলিশ আক্রমণকারী নয়, তারা আক্রান্ত।’

তিনি বলেন, বিএনপি নানা দলের সমন্বয়ে ঐক্য তৈরি করে আন্দোলনের ঘোষণা দিয়েছে, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে কোনো প্রকার বাধা দেওয়া হবে না। কিন্তু আন্দোলনের নামে অগ্নিসংযোগ করে জনজীবনে দুর্ভোগ ডেকে আনবে, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে, এ অবস্থায় আমরা চুপ করে বসে থাকতে পারি না।’

সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা, তাদের কাছে আমাদের দায় আছে। এ অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে এবং জনগণের সম্পদ ও সম্পত্তিকে সুরক্ষা দিতে হবে।’

যৌথ সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, ডা. দীপু মনি ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত