আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যপদ হারানোর পর এবার সংসদীয় কমিটির সভাপতি পদ থেকেও বাদ পড়লেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। এই কমিটির সভাপতি করা হয়েছে সরকারদলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে।
গতকাল রবিবার জাতীয় সংসদে স্থায়ী কমিটির পুনর্গঠনে নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এ সময় কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মতিয়া চৌধুরী সংসদীয় উপনেতা হওয়ায় সেখানে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে কৃষি মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়।
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফরিদ নুর আলম চৌধুরী প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে।
খন্দকার মোশাররফ হোসেন ২০০৮ সালের নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে নির্বাচিত হন। ওই সময়ে তাকে প্রথমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এরপর তাকে স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি মঞ্চে পরিষদ থেকে বাদ পড়েন। এই সংসদে তিনি শুরু থেকেই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। এদিকে প্রায় বছর হতে চলেছে তিনি অনুপস্থিত থাকায় সংসদীয় কমিটির বৈঠক হয় না। গত বছরের ১৩ মার্চ বৈঠকের পর আর এই কমিটির কোনো বৈঠক হয়নি।
গত বছরের এপ্রিলের শেষের দিকে খন্দকার মোশাররফ হোসেন সুইজারল্যান্ড চলে যান। অসুস্থতার কারণে তিনি সংসদেও অনুপস্থিত। এদিকে গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের পরে দলটির উপদেষ্টা পরিষদ থেকেও তাক বাদ দেওয়া হয়।
