যেখানে কাঁচামাল আছে সেখানে কারখানা স্থাপন করার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এর ফলে অপচয় কমবে, পরিবহন ব্যয়ও কমবে। গতকাল সোমবার রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেম্বার ভবনে আয়োজিত ‘রংপুর বিভাগের বিদ্যমান ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মো. জসিম উদ্দিন বলেন, এখন একটি প্রচলিত ধারা হলো রংপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে কাঁচামাল নিয়ে এসে ঢাকায় সেগুলো প্রক্রিয়াকরণ করা হয়। ফলে একদিকে পচনের ফলে যেমন খাবার অপচয় হয়, তেমনি পরিবহন খরচসহ সামগ্রিকভাবে ব্যবসার খরচ বেড়ে যায়। ব্যয় কমাতে প্রচলিত রীতি ভেঙে স্থানীয় পর্যায়ে কারখানা স্থাপনের অনুরোধ জানান তিনি।
রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে আধুনিক কৃষি উৎপাদনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। তিনি বলেন, ‘আমরা বর্তমানে ৬০ বিলিয়ন ডলার রপ্তানি করি। এ রপ্তানিকে আমাদের ৩০০ বিলিয়ন ডলারে নিতে হবে। রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে গার্মেন্টেসের বাইরে আমাদের নতুন নতুন পণ্য নিয়ে কাজ করতে হবে। এ জন্য কৃষি উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই।’
রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি।
তিনি বলেন, ‘রংপুর অঞ্চল সাময়িকভাবে পিছিয়ে থাকলেও দীর্ঘমেয়াদে পিছিয়ে নেই বলে আমি মনে করি। বাংলাদেশের যে উন্নয়নযাত্রা, সেই যাত্রায় সরকার রংপুরকেও সহযাত্রী করে নিয়েছে।’
