রিয়ালকে হারিয়ে বার্সেলোনার সুপার কাপ জয়

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০১:১৮ এএম

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে গাভি, লেভানডফস্কি, পেদ্রির গোলে হারিয়ে রেকর্ড ১৪তম বারের মতো স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। লিওনেল মেসির চলে যাওয়া এবং জাভি কোচ হওয়ার পর কাতালান ক্লাবটির এটিই প্রথম শিরোপা।

রবিবার রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামের ফাইনালে ৩-১ গোলে রিয়ালকে হারায় বার্সেলোনা। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে একই ব্যবধানে বার্সাকে হারিয়েছিল রিয়াল। সেটি ছিল লা লিগার ম্যাচ। তবে স্প্যানিশ সুপার কাপ জিতে মৌসুমের প্রথম শিরোপাটা ঘরে তুলল জাভির দল।

জাভি সাধারণত দলকে ৪-৩-৩ ফরমেশনে খেলালেও এদিন খেলান ৪-২-৩-১ পদ্ধতিতে। তাতেই মেলে সাফল্য। ম্যাচের ৩৩ মিনিটে বক্সে লেভার পাস থেকে গোল করেন গাভি। ৪৫ মিনিটে গাভির পাস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন পোলিশ স্ট্রাইকার। ৬৯ মিনিটে গোল করেন পেদ্রি। ম্যাচের ইনজুরি সময়ে করিম বেনজেমার গোলটি শুধু ব্যবধানই কমিয়েছে।

ম্যাচের পর জাভি বলেন, ‘সাম্প্রতিক সময়ে অনেক সমালোচনা সইতে হয়েছে। ছেলেরা নিজেরাই মুক্তির পথ খুঁজে নিয়েছে। আমরা আর থামতে চাই না। এটাই মৌসুমের প্রথম শিরোপা, তবে শেষ নয়। আমাদের ধৈর্য ধরতে হবে। ভুলে গেলে চলবে না দলটা এখনো গঠনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত