মডেল মসজিদ উদ্বোধনকালে হট্টগোল, মারধর

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০১:২৬ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে মডেল মসজিদ উদ্বোধনকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীসহ বেশ কয়েকজনকে মারধরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধনের সময় এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, মসদিজের ভিত্তিপ্রস্তর থেকে স্থানীয় সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের নাম সরিয়ে ফেলায় তার অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছেন।

হামলায় আহত ব্যক্তিরা হলেন মডেল মসজিদ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান তরফদার ট্রেড করপোরেশনের প্রকল্প প্রকৌশলী মাসুদুর রহমান জলি (৩২), ঠিকাদার রাকিব হাসান (৩০), ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী বিপুল (২৮) ও সৌরভ (২৫)। তরফদার ট্রেড করপোরেশনের স্বত্বাধিকারী ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল মোর্শেদ তরফদার সোহেল বলেন, মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে ডা. মুরাদ হাসানের প্রতিনিধি হিসেবে আসেন সাখাওয়াত হোসেন মুকুলসহ আরও কয়েকজন। ভিত্তিপ্রস্তর থেকে মুরাদ হাসানের নাম সরানো নিয়ে প্রকৌশলী ও সুপারভাইজারের সঙ্গে বিতর্কে জড়ান এবং তাদের মারধর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত