মাশরাফীর জন্য ইমাদের সবটুকুই সম্মানের

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০১:৫৬ এএম

মাশরাফী বিন মোর্ত্তজাকে পেয়ে বিপিএলে বদলে গেছে সিলেট। স্ট্রাইকার্স নাম ধারণ করা এই ফ্র্যাঞ্চাইজি টানা পাঁচ জয় তুলে নিয়েছে। তাতে উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে। সোমবার চট্টগ্রামে তারা হারিয়েছে ঢাকা ডমিনেটরসকে। বল হাতে ৩ উইকেট শিকার করা সিলেট স্ট্রাইকার্স অলরাউন্ডার ইমাদ ওয়াসিম হয়েছেন ম্যাচসেরা।

খেলা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসেছিলেন দলের প্রতিনিধি হয়ে। সেখানে তিনি প্রশংসায় ভাসালেন সিলেট অধিনায়ক মাশরাফীকে।

মাশরাফীর প্রশংসা করে ম্যাচ শেষে ইমাদ বলেছেন, ‘তিনি বাংলাদেশের হয়ে ২০ বছর খেলেছেন। ক্রিকেটের কিংবদন্তি। অসাধারণ নেতা ও দারুণ মানুষ। ক্রিকেটে ওঠা-নামা সম্পর্কে জানেন; কারণ, ২০০০ সাল থেকে ক্রিকেট খেলছেন। তিনি কতটা ভালো, তা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমার কাছে নেই। তার জন‌্য আমার সবটুকুই সম্মানের।’

ইমাদ জানালেন, মাশরাফিকে তিনি বড় ভাইয়ের মতোই সম্মান করেন, ‘তাকে বড় ভাইয়ের মতোই সম্মান করি। অভিভাবক হিসেবে সে যা বলে তা–ই আমরা অনুসরণ করি। খেলাটাকে খুব উপভোগ করে। আমার সঙ্গে কাজ করা সেরা মানুষদের একজন সে।’

বিপিএলে পাঁচ ম্যাচ খেলে এ পর্যন্ত সবকটিতেই জিতেছে সিলেট। ইমাদ জানালেন সিলেটের ড্রেসিংরুমের পরিবেশ খুব ভালো। দলের সমন্বয়ও দারুণ, ‘ড্রেসিংরুমের পরিবেশ খুবই ভালো। আমরা খুব ভালো শুরু পেয়েছি। প্রতিটি দল এমন শুরু চাইবে, চার-পাঁচ ম‌্যাচ জিততে চাইবে। সৌভাগ্যবশত আমরা সব ম‌্যাচ জিতেছি। সবচেয়ে ভালো যে বিষয়টি, দলের প্রত‌্যেকের সম্পৃক্ততা আছে। পেসার, স্পিনার, টপ অর্ডার ব‌্যাটসম্যান, মিডল অর্ডার ও লোয়ার অর্ডার প্রত‌্যেকের অবদান আছে। এখন পর্যন্ত আমরা দারুণ কম্বিনেশন পেয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত