মেসি সর্বকালের সেরা। ম্যারাডোনাও গ্রেট, তবে মেসির সঙ্গে আমার বিশেষ একটা বন্ধন আছে।’ এক সাক্ষাৎকারে দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়ার কথা বলা হলে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি এমনটাই বলেছেন।
কাতার বিশ্বকাপ জয়ের পর মেসির অর্জনের খাতায় আর কিছুই বাকি নেই বলা যায়! মেসির জীবনের সেরা প্রাপ্তির পেছনে অন্যতম সহায়ক হিসেবে কাজ করেছেন স্কালোনি। স্পেনের রেডিও ‘কাদেনা কোপ’-এ সাক্ষাৎকারে স্কালোনির কাছে জানতে চাওয়া হয় মেসিকে কোচিং করানো কঠিন কিনা। উত্তরে একসময় মেসির সঙ্গে খেলা ৪৪ বছর বয়সী স্কালোনি বলেন, ‘জানি না কোনো কোচ এটা বলেছেন কি না যে, মেসিকে কোচিং করানো কঠিন। তাকে অনুশীলন করানো কঠিন কিছু নয়। কৌশলগত জায়গা থেকে, তাকে ঠিক করার কিছু নেই। তবে হ্যাঁ, কিছু সময়ে, চাপের মধ্যে, আক্রমণে কিছু ধরনের ক্ষেত্রে এটা ব্যাখ্যা করা হয়, যে কীভাবে চাই।’ মেসির খেলার ধরনের প্রশংসা করেছেন স্কালোনি। ‘আমি এটা নিশ্চিত করতে পারি যে, প্রেস (চাপ বিস্তার) করে খেলার ক্ষেত্রে, বল কেড়ে নেওয়ার ক্ষেত্রে সে ১ নম্বর। সে অন্য যে কারও চেয়ে ভালোভাবে বল কেড়ে নিতে পারে।’
বিশ্বকাপ জয়ের পর আর ফাইনাল ম্যাচটি পরে দেখেননি স্কালোনি। কারণ ফাইনালটি তার মাথায় গেঁথে আছে। ‘আমি ফাইনালটি পরে আর দেখিনি। আমার মাথায় এটি গেঁথে আছে। ৯০ মিনিটে খেলাটা শেষ করতে পারিনি তা নিয়ে কিছুটা দুঃখ আছে।’ স্কালোনির খেলোয়াড় জীবনে বেশিরভাগ সময় কেটেছে স্পেনে। স্পেনের লা করুনা, রেসিং সান্তেনদার, মায়োর্কাতে খেলেছেন। ভবিষ্যতে স্পেনের কোচ হওয়ার প্রস্তাব পেলে কী করবেন প্রশ্নের উত্তরে বলেন, ‘এটা আমার দ্বিতীয় বাড়ি। আমি এই দেশের অংশ ভাবি নিজেকে। কেন স্পেন জাতীয় দলের কোচ হতে চাইব না? আমি মনে করি, কোনো স্প্যানিশ কোচই স্পেনের জন্য উপযুক্ত।’
