মার্কিন দূতাবাসের মুখপাত্র

নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময়সীমা দেওয়া হয়নি

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০২:০১ এএম

গত বছর র‌্যাবের হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের অভিযোগের সংখ্যা হ্রাসে বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গতকাল মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র জেফ রাইডেনাওয়ার সাংবাদিকদের এ তথ্য জানান।

জেফ রাইডেনাওয়ার বলেন, সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গত বছর র‌্যাবের মাধ্যমে বিচারবহির্ভূত হত্যা ও গুমের ঘটনা ব্যাপক হারে কমে আসায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন।

আমরা অব্যাহত সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রশংসা এবং বিচারবহির্ভূত হত্যার অভিযোগের নিরপেক্ষ তদন্ত করার জন্য বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছি। সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ঢাকার বৈঠকগুলোতে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময়সীমা নিয়ে কোনো ধরনের ইঙ্গিত দেননি।

গত রবিবার বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক করেন লু।

ওইদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, র‌্যাবের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে আনার সক্ষমতা রয়েছে বাংলাদেশ সরকারের।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডোনাল্ড লু বলেন, ‘আপনারা হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি লক্ষ করলে দেখবেন, বিচারবহির্ভূত হত্যার সংখ্যা কমানোর ক্ষেত্রে র‌্যাবের অসাধারণ অগ্রগতির কথা স্বীকার করা হয়েছে। আমরাও এই অগ্রগতির বিষয়টি স্বীকার করি। এটি একটি অসাধারণ কাজ। এতে প্রমাণিত হয়, মানবাধিকার সমুন্নত রেখে র‌্যাব আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসবাদ দমনে ভালো কাজ করছে।’

গত শনিবার দুদিনের সফরে ঢাকায় আসেন লু। দুদিনের এ সফরে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও সরকারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত