বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষায় নতুন ডিজি

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০২:১৫ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) পদে রদবদল করা হয়েছে। এ ছাড়া জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) একজন পরিচালক এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন কর্মকর্তাকে সেনাবাহিনীতে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব নিয়োগ ও বদলি সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

জারি করা আদেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজি পদে কর্মরত মেজর জেনারেল একেএম নাজমুল হাসানকে বিজিবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল একেএম আমিনুল হককে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদকে সেনাবাহিনীতে ফেরত নেওয়ার জন্য তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া এনএসআইর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন খান এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে (ডিডিজি) প্রশাসন হিসেবে কর্মরত কর্নেল মোহাম্মদ রফিকুল হাসানকে সেনাবাহিনীতে ফেরত নেওয়ার জন্য তাদের সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত