প্রকাশ্যে চার জনের হাত কেটে চুরির শাস্তি দিল তালেবান

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৪:৩০ পিএম

চুরির শাস্তি হিসাবে প্রকাশ্যে চার জনের হাত কেটে নিয়েছে আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী তালেবান। কান্দাহারের আহমদ শাহি স্টেডিয়ামে জনসম্মুখে মোট নয় জনকে শাস্তি দেওয়া হয়। তাদের কেউ চুরিতে অভিযুক্ত। কেউ আবার ‘বিকৃত’ যৌনতার দায়ে শাস্তি পেলেন।

ভিড়ে ঠাসা স্টেডিয়াম। যেন কোনও প্রবল উত্তেজনাপূর্ণ খেলা শুরু হল বলে। কিন্তু যে সে খেলা নয়, এ এক ভয়ঙ্কর খেলা! গত মঙ্গলবার কান্দাহারবাসী ভিড় করে এসেছিলেন আহমদ শাহি স্টেডিয়ামে। উপলক্ষ, নয় জনকে শাস্তি দেওয়ার অনুষ্ঠান।

আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম ‘টোলো নিউজ’ টুইট করে জানিয়েছে, ‘সুপ্রিম কোর্ট বিবৃতি দিয়ে জানিয়েছে, মঙ্গলবার কান্দাহারের আহমদ শাহ স্টেডিয়ামে নয় জন দোষীকে শাস্তি দেওয়া হয়েছে। তারা চুরি এবং ‘বিকৃত’ যৌনতার দায়ে অভিযুক্ত।’

স্থানীয় প্রাদেশিক গভর্নর হাজি জাইদ জানিয়েছেন, দোষীদের প্রত্যেককে ৩৫ থেকে ৩৯ বার চাবুক মারা হয়। তবে হাত কেটে নেওয়ার কথা আনুষ্ঠানিক ভাবে স্বীকার করা হয়নি।

ইংল্যান্ডের আফগান শরণার্থী বিষয়ক দফতরের মন্ত্রীর পরামর্শদাতা শবনম নাসিমি বলেন, ‘তালেবান কান্দাহারের একটি ফুটবল স্টেডিয়ামে সবার সামনে চার ব্যক্তির হাত কেটে নিয়েছে। তারা চুরির ঘটনায় অভিযুক্ত ছিলেন। যেভাবে আত্মপক্ষ সমর্থনের বিন্দুমাত্র সুযোগ না দিয়ে চাবুক মারা থেকে হাত কেটে নেওয়ার মতো বর্বরোচিত ঘটনা ঘটানো হচ্ছে তা স্পষ্টই মানবাধিকার লঙ্ঘন।’

আন্তর্জাতিক মহলের আপত্তি কার্যত উপেক্ষা করে তালিবান শাসকরা শীর্ষ নেতার আদেশ পালন করে চলেছেন। তা করতে গিয়ে ফুটবল স্টেডিয়ামে লোক ডেকে অভিযুক্তদের চাবুক মারা হচ্ছে। কখনও বা কেটে নেওয়া হচ্ছে হাত!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত