হইচইয়ে বাংলাদেশি নতুন ৮ ওয়েব সিরিজ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১২:২৫ এএম

আড়ম্বরপূর্ণ একটি ইভেন্টে বাংলাদেশ থেকে ৮টি নতুন কনটেন্টের ঘোষণা দেওয়ার মাধ্যমে ২০২৩ সালের শুরু করেছে কলকাতার জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্ম হইচই। হইচই এর দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় নির্মাতা তানিম নূর, সৈয়দ আহমেদ শাওকী, আশফাক নিপুণ ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় তাদের নতুন কনটেন্ট নিয়ে আসছেন। এর পাশাপাশি হইচই ক্যাটালগে যুক্ত হচ্ছে সানী সানোয়ার ফয়সাল আহমেদ, অনম বিশ্বাস, সাফায়েত মনসুর রানা, তানিম রহমান অংশুদের মতো জনপ্রিয় এবং পরীক্ষিত নির্মাতাদের নির্মিত কনটেন্ট। ২০২৩ এ হইচই-এ প্রথমবারের মতো কাজ করছেন বিদ্যা সিনহা সাহা মীম এবং জিয়াউল ফারুক অপূর্ব। ফিরতে দেখা যাবে আজমেরী হক বাঁধন এবং মোশাররফ করিমকে। ‘হইচই মিট ২০২৩’ ছিল তারকাখচিত এবং সফল একটি ইভেন্ট। শো-বিজের তারকা অভিনয়শিল্পী এবং নির্মাতাদের পাশাপাশি হইচই-এর ব্যবসায়িক অংশীদার এবং শীর্ষ গণমাধ্যম কর্মীরা এই স্ট্র্যাটেজিক ইভেন্টে উপস্থিত ছিলেন।  

নতুন ঘোষণা দেওয়া হইচই অরিজিনাল সিরিজগুলোর মধ্যে রয়েছে  ‘বুকের মধ্যে আগুন’। এটি নির্মাণ করবেন তানিম রহমান অংশু। এতে অভিনয় করবেন জিয়াউল ফারুক অপূর্ব। গল্পে দেখা যাবে নব্বই দশকের একজন সুপারস্টারের রহস্যজনক মৃত্যু দেশের মানুষকে স্তব্ধ করে দেয়। যদিও বলা হয় এটি আত্মহত্যা কিন্তু অনেকেরই বিশ্বাস এটি ছিল একটি হত্যাকা-। কী হবে যখন একজন পুলিশ অফিসার যে নিজেও কিনা সেই সুপারস্টারের একজন ফ্যান, এই মৃত্যুরহস্য উদঘাটনে নামে?

আশফাক নিপুণের পরিচালনায় ‘এ কমন ম্যান’ সিরিজে অভিনয় করতে দেখা যাবে আফরান নিশোকে। তিনি নৈতিকতার প্রতীক এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার একজন মানুষ, একজন বিরক্তিকর লেভেলের আদর্শ মানুষ। কিন্তু তার সামনে যদি অবিশ্বাস্য পরিমাণ টাকার লোভ চলে আসে? কী হবে যখন তার প্রতিপক্ষরা বুঝতে পারবে তাদের টাকা চুরি হয়েছে? 

‘মিশন হান্টডাউন’ পরিচালনা করবেন সানী সানোয়ার, ফয়সাল আহমেদ। এতে অভিনয় করবেন বিদ্যা সিনহা সাহা মীম, এফএস নাঈম ও সুমিত সেনগুপ্ত। মিমের নিখোঁজ স্বামী, অপরাধের জাল আর একটি জঙ্গি গ্রুপ- সবকিছু দেখা যাবে মিশন হান্টডাউন-এ। কী হবে এদের নিয়তি?

‘রঙ্গিলা কিতাব’ নির্মাণ করবেন অনম বিশ্বাস। ভালোবাসা দিয়ে নাকি সব জয় করা যায়? কিন্তু ভালোবাসা কি অতীতের অপরাধ মুছে ফেলতে পারে? এটাই এই সিরিজের উপজীব্য।

‘কাইজার লেভেল টু’ নিয়ে হাজির হবেন তানিম নূর। প্রথম সিজনে আফরান নিশোকে দেখা গেছে খ্যাপাটে একজন গেমার-ডিটেকটিভ কাইজারের চরিত্রে। কী হবে কাইজারকে যদি খুনের দায়ে ফাঁসিয়ে দেওয়া হয়? ঈদুল আজহায় রিলিজ করা হবে সিজন ২।

‘মহানগর ২’ নিয়ে আবারও হাজির হবেন আশফাক নিপুণ। মোশাররফ করিম ওসি হারুন চরিত্রে কি নিজেকে রক্ষা করতে পারবেন? ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে সিরিজটি।

‘অদৃশ্য’ নামের ওয়েব সিরিজ নির্মাণ করবেন সাফায়েত মনসুর রানা। একজন সফল ব্যবসায়ী এবং শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা ক্ষমতার দর্পে যার পায়ে মাথানত করে সবাই। কিন্তু হুট করে একদিন সেই পায়ের নিচের মাটি সরে যায়। তাকে অপহরণ করা হয়। কিন্তু রহস্য আরও ঘনীভূত হয় যখন তাকে হুট করে ছেড়ে দেওয়া হয়। সব কি সাজানো ছিল? যদি তাই হয়, তাহলে সেটা কেন?

‘ডেল্টা ২০৫১’ নিয়ে হাজির হবেন নির্মাতা কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। এতে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, রওনক হাসান। মশিউল আলম রচিত প্রিসিলা উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে অরিজিনাল সিরিজ ডেল্টা ২০৫১ যেখানে দুটি ভিন্ন সময়ের গল্প দেখানো হবে। এটি ভবিষ্যতের বাংলাদেশের গল্প যেখানে দেখানো হবে খুব সামান্য একটি ঘটনা কীভাবে বাটারফ্লাই ইফেক্টের জন্ম দিয়ে মানুষের জীবনপ্রবাহ বদলে দিতে পারে।  

হইচই-এর সহ-প্রতিষ্ঠাতা বিষ্ণু কান্ত মোহতা বলেন, ‘আমরা অত্যন্ত গর্বিত যে মাত্র পাঁচ বছরের মধ্যেই আমরা ভাষাভিত্তিক ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে শীর্ষস্থানীয় হতে পেরেছি। এই স্বল্প সময়ের মধ্যে আমরা বাংলাদেশ থেকে নির্মাণ করা ম্যাসিভ হিট সিরিজসহ ১৩০টির বেশি অরিজিনাল সিরিজ রিলিজ করেছি। এ কারণে আমরা এদেশ থেকে আরও আটটি নতুন কনটেন্ট রিলিজ করছি এবং এর সংখ্যা ভবিষ্যতে আরও বাড়বে।’ হইচই-এর প্রধান পরিচালন কর্মকর্তা সৌম্য মুখার্জী জানান, ‘হইচই সবসময় নির্মাতা এবং অভিনয়শিল্পীদের মাঝ থেকে সেরা প্রতিভা তুলে আনায় বিশ্বাসী। মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, আফরান নিশোর মতো জনপ্রিয় মুখকে আবারও হইচই-এ দেখা যাবে। আমাদের প্ল্যাটফর্মে অভিষিক্ত হচ্ছেন বিদ্যা সিনহা সাহা মীম এবং জিয়াউল ফারুক অপূর্ব।’ হইচই বাংলাদেশের অধিকর্তা সাকিব আর খান বলেন, ‘হইচই বাংলাদেশ এরইমধ্যে ১০টি সিরিজ রিলিজ করেছে, যা বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। একটি ব্র্যান্ড হিসেবে হইচই-এর লক্ষ্য সারা পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলা মানুষের কাছে তাদের নিজের ভাষায় মানসম্মত বিনোদন পৌঁছে দেওয়া।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত