রায়পুরায় ব্যাংকের ভেতরে ২ আনসার সদস্যের লাশ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০১:৫৪ এএম

নরসিংদীর রায়পুরা উপজেলার রাধাগঞ্জ বাজার শাখা অগ্রণী ব্যাংকের ভেতর থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এই দুই আনসার সদস্য হলেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার দরিচন্দ্রবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে রঞ্জু মিয়া ওরফে রঞ্জন (৩২) এবং ফরিদপুর ভাঙ্গা উপজেলার পূর্বসদরদী গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে তৌহিদ আহমেদ (২৪)। তারা দুজনই অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় কর্মরত ছিলেন।

ব্যাংকটির ফিল্ড অফিসার কামরুজ্জামান সাংবাদিকদের জানান, পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য প্রতিদিনের মতো সকালে আয়া ব্যাংকে এসে দেখেন প্রধান ফটকে খোলা। ভেতরে কোনো আনসারের সাড়া-শব্দ না পেয়ে ব্যাংকের পাশে থাকা ফটোকপি দোকানের মালিক নয়ন মিয়াকে বিষয়টি জানান।

পরে নয়ন মিয়া পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই আনসার সদস্যের মধ্যে রঞ্জন এক বছর ধরে এই ব্যাংকে কর্মরত ছিলেন। তৌহিদ ছয় মাস হয়েছে এখানে এসেছে। সুরতহালে দুজনের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

অগ্রণী ব্যাংকের নরসিংদী জোনাল ইনচার্জ শাহজাহান খান বলেন, ব্যাংকের সবকিছু অক্ষত অবস্থায় আছে। কোন মালামাল বা আর্থিক ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় লোকজন জানান, দুইজনের মধ্যে কখনো ঝগড়াঝাটি হতে দেখেননি তারা।

নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম সাংবাদিকদের জানান, বসা অবস্থায় একজনের এবং শোয়া অবস্থায় আরেকজনের দেহ পাওয়া  গেছে।

এই মুহর্তে মৃত্যুর কোন কারণ বলতে পারছেন না পুলিশের বিভিন্ন টিম কাজ করছে। তদন্ত সাপেক্ষে মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে বলে জানান তিনি।

রায়পুরা থানার ওসি মো. আজিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, সুরতহাল করার পর দুজনের মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত