ফখরুল বললেন

গোটা জাতি আজ সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ০২:১৬ এএম

জাতি আজ সংকটে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টার বিরুদ্ধে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গোটা জাতি জেগে উঠেছে। তারা গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাআল্লাহ, আমরা সেই লড়াই-সংগ্রামে জয়ী হব।’

গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাতে অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, ‘জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা মানুষ। ৭ নভেম্বর তিনি জাতির ক্রান্তিলগ্নে হাল ধরেছিলেন। হতাশাগ্রস্ত জাতিকে দিকনির্দেশনা দিয়েছিলেন। তিনি সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় বাংলাদেশের মানুষ নতুনভাবে উজ্জীবিত হয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করে। তিনি একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। মুক্তবাজার অর্থনীতি উপহার দিয়েছেন। আজ আধুনিক বাংলাদেশের উন্নয়নের ভিত্তি রচনা করেছিলেন জিয়াউর রহমান।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু; ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আযম খান; বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আমানউল্লাহ আমানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে এ উপলক্ষে সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। নয়াপল্টনে ড্যাবের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এর আগে জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

বইমেলা সরকার বা একক দলের নয় : বইমেলা কোনো সরকার বা একক দলের নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলা একাডেমি আয়োজিত আসন্ন একুশের বইমেলায় আদর্শ প্রকাশনীর স্টল স্থগিত করায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেছেন, ‘বাংলা একাডেমির একুশে বইমেলা মুক্তবুদ্ধি চর্চার উপযুক্ত স্থান হিসেবে যুগ যুগ ধরে বিবেচিত হয়ে আসছে। সরকারবিরোধী ও ভিন্নমতের বই প্রকাশের অভিযোগে আদর্শ প্রকাশনীকে আসন্ন বইমেলায় স্টল স্থগিত করা খুবই উদ্বেগজনক এবং নিন্দনীয়। এ ঘটনা মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ।’

তিনি আরও বলেন, ‘বইমেলা কোনো সরকার বা একক দলের নয়। বরং দলমত নির্বিশেষে সবার প্রাণের মেলা হিসেবেই বিবেচিত হয়ে আসছিল। কিন্তু তিনটি ভিন্নমতের বইয়ের জন্য ছয় শতাধিক বই প্রকাশকারী সংস্থা আদর্শ প্রকাশনীর স্টল স্থগিত করার মাধ্যমে বাংলা একাডেমি ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হলো।’

মির্জা ফখরুল বলেন, ‘এর আগেও কয়েকবার বাংলা একাডেমি একুশের বইমেলায় ভিন্নমতের বই প্রকাশের কারণে প্রকাশনা সংস্থার স্টল স্থগিত বা বাতিল করেছে। গণবিরোধী আওয়ামী সরকার গণতন্ত্র হরণ করে কর্র্তৃত্ববাদী দুঃশাসন দীর্ঘায়িত করতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে নগ্ন দলীয়করণ ও দখল করে দেশকে ভঙ্গুর করে দিয়েছে। জনগণের অর্থে পরিচালিত বাংলা একাডেমির মতো সৃজনশীল এবং মেধা ও মননের প্রতিষ্ঠানকেও এরা ঘৃণ্য দলীয়করণ করেছে।’

বাংলা একাডেমি কর্র্তৃপক্ষের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আসন্ন বইমেলায় আদর্শ প্রকাশনীসহ ভিন্নমতের বই প্রকাশকারী অন্যান্য প্রকাশনীর স্টল বরাদ্দের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তাদের স্টল বরাদ্দের আহ্বান জানাই, যাতে বইমেলা দলমত নির্বিশেষে সবার প্রাণের মেলা হিসেবে পুনর্বিবেচিত হতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত