রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক আবাসিক শিক্ষার্থীকে হল থেকে নামিয়ে দিয়েছেন অনাবাসিক ছাত্রলীগ নেতা। পরে হল প্রাধ্যক্ষ এসে বিষয়টি মীমাংসা করেন। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে শের-ই বাংলা একে ফজলুল হক হলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম শাহীন আলম। তিনি অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। অভিযুক্ত ফাহিম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শের-ই-বাংলা হল ছাত্রলীগের সহসভাপতি।
এ বিষয়ে ভুক্তভোগী শাহীন আলম বলেন, আমি শের-ই বাংলা হলের ৩০২ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী। এক বছর ধরে ওই রুমেই ছিলাম। গত ১১ জানুয়ারি হলের প্রভোস্ট আমাকে ৩০২ নম্বর রুম থেকে সরিয়ে ৩৩২ নম্বর রুমে সিট দেয়। সেখানে দু'দিন থাকার পর শেরে বাংলা হল ছাত্রলীগের সহসভাপতি ফাহিম আমাকে সিট থেকে নামিয়ে দেন। পরে বিষয়টি হল প্রভোস্টকে জানালে তিনি আমাকে উক্ত সিটে থাকতে বলে।
শাহীন আরো বলেন, শুক্রবার সকালে ফাহিম এসে আমাকে গালাগালি করে সিট থেকে নামিয়ে দেন এবং পরে শেরে-ই বাংলা হলের আরেক ছাত্রলীগ নেতা রাজু এসে গালাগালি, হুমকি-ধমকি দিয়ে বিছানাপত্রসহ আমাকে বের করে দেয়।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফাহিম বলেন, ‘এটা আমাদের সিনিয়র-জুনিয়র ভাইদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। প্রভোস্ট স্যার সবকিছু মিটমাট করে দিয়েছেন’।
এ বিষয়ে শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, ‘শাহীনকে তার সিটে উঠিয়ে দেওয়া হয়েছে। আর ফাহিম যেহেতু অনাবাসিক শিক্ষার্থী সে কারণে তার সমাধানের চেষ্টা করা হচ্ছে’।
