সাতটি নতুন নাটক নিয়ে ২০১৯ সালে নাগরিক নাট্যসম্প্রদায় শুরু করেছিল ‘নতুনের উৎসব’। করোনা মহামারীর পর আবার এই নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। তবে বদলে গেছে নাম। নাম বদলে এবার তা হচ্ছে ‘আলী যাকের নতুনের উৎসব’ নামে। নতুন পাঁচটি নাটক মঞ্চস্থের মধ্য দিয়ে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে ‘আলী যাকের নতুনের উৎসব ২০২৩’। নাগরিক নাট্যসম্প্রদায়ের ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই উৎসব শুরু হচ্ছে।
আজ থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করবেন নাট্যজন ফেরদৌসী মজুমদার। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এই উৎসবের আহ্বায়ক সারা যাকের। উৎসবে শুভাশিস সিনহা নির্দেশিত নির্দেশিত ‘রিমান্ড’, অলোক বসু নির্দেশিত ‘দ্য রেসপেক্টফুল প্রস্টিটিউট’, মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত ‘সখী রঙ্গমালা’, বাকার বকুল নির্দেশিত ‘আদম সুরত’ এবং আজাদ আবুল কালাম নির্দেশিত ‘অচলায়তন’, এই পাঁচ নাটক মঞ্চস্থ হবে। উদ্বোধনের পরদিন থেকে নাটকগুলো মঞ্চস্থ করা হবে। এই নাটকগুলো নির্বাচনে নাগরিক নাট্যসম্প্রদায়ের জ্যেষ্ঠ সদস্যদের পাশাপাশি জুরিবোর্ডে ছিলেন আবদুস সেলিম, মাসুম রেজা ও সুদীপ চক্রবর্তী। বাংলাদেশের নাট্যচর্চায় অনন্য ভূমিকার জন্য এবারের উৎসবে সৈয়দ শামসুল হক, জিয়া হায়দার, খালেদ খান ও আলী যাকেরের নামে সম্মাননা দেওয়া হবে। বাংলাদেশের নাট্যচর্চায় এই চার গুণীজনের বিশেষ অবদান স্মরণে প্রথমবারের মতো এ বছর থেকে নাগরিক নাট্যসম্প্রদায় সম্মাননা পদক দিতে যাচ্ছে।
দীর্ঘ ছয় বছর পর মঞ্চে আসছে মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত বটতলার নতুন নাটক ‘সখী রঙ্গমালা’। এটি বটতলার ১৭তম প্রযোজনা। আগামী ২৪ জানুয়ারি নাটকটি মঞ্চস্থ হবে শিল্পকলার মূল হলে। বটতলা নাটকে সব সময় মানুষের এবং সর্বপ্রাণের অধিকারের কথা বলে। বটতলার সবাই বিশ্বাস করে ভালোবাসাই বেঁচে
থাকার শক্তি। সে ভালোবাসা মানুষে-মানুষে, মানুষে-প্রকৃতিতে। ভালোবাসা বা প্রেমের যেকোনো গ-ি নেই, একে যে বাঁধা যায় না কোনো বিশেষ ছকে, তথাকথিত শত্রুর জন্যও যে মন ব্যাকুল হয়, তাকেও যে আঁকড়ে ধরে একটি গোটা জীবন পার করা যায়, তাকে কামনা করা যায়, হিংসা নয় বরং ভালোবাসাতেই যে শুধু মুক্তি আনেÑতেমন এক দর্শন নিয়ে, নারী-পুরুষের বা ক্ষমতার রাজনীতির বাইরে দাঁড়িয়ে ভিন্ন রাজনীতিও যে জীবনের জন্য মুখ্য হয়ে উঠতে পারে ‘সখী রঙ্গমালা’ তেমনই এক আভাস দিয়ে যাবে দর্শকের মনে। শাহীন আখতারের উপন্যাস সখী রঙ্গমালা থেকে ‘সখী রঙ্গমালা’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার এবং নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।
