গর্ভ ভাড়ার কারণ জানালেন প্রিয়াঙ্কা

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ০১:৫১ এএম

প্রিয়াঙ্কা চোপড়ার জীবনে মেয়ে মালতী মেরি আসার পর মাতৃত্ব পুরোপুরি উপভোগ করছেন এই তারকা। মালতীকে আনার জন্য প্রিয়াঙ্কা সারোগেসির সাহায্য নিয়েছিলেন। সম্প্রতি প্রথমবারের মতো মেয়েকে নিয়ে ফটোশ্যুট করলেন প্রিয়াঙ্কা। আর তিনি সারোগেসি নিয়ে খোলাখুলি কথা বলেছেন। ভোগ ম্যাগাজিনের জন্য প্রিয়াঙ্কা মেয়ে মালতীর সঙ্গে ফটোশ্যুট করেছেন। তবে এই ফটোশ্যুটেও মেয়ের মুখ দেখাননি তিনি। সাক্ষাৎকারে মালতীর জন্ম নিয়ে প্রিয়াঙ্কা বলেছেন, ‘মালতী জন্মানোর সময় অপারেটিং রুমে ছিলাম। সে আমার হাতের তালুর থেকেও ছোট ছিল। আমি দেখেছি ইনসেনটিভ কেয়ারের নার্সরা কীভাবে খেয়াল রাখেন, তারা একেকজন মহামানব।’ এ ছাড়া সাবেক এই বিশ্বসুন্দরী সারোগেসির কেন সাহায্য নিয়েছেন, সে কথাও অকপটে জানিয়েছেন। প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমার নানান শারীরিক জটিলতা আছে। আর তাই নিজের সন্তানের জন্ম দিতে আমি সক্ষম ছিলাম না। তাই বাচ্চার ব্যাপারে ভাবনাচিন্তা করতে গেলে সারোগেসির বাইরে আমাদের উপায় ছিল না। আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি। কারণ, এ ব্যাপারে আমি সুযোগ পেয়েছিলাম। আর আমি আমার সারোগেটের কাছে কৃতজ্ঞ, তিনি ছয় মাস ধরে আমাদের এই অমূল্য উপহারের খেয়াল রেখেছেন।’

প্রিয়াঙ্কা এই সাক্ষাৎকারে দুঃখের সঙ্গে জানিয়েছেন যে মালতী জন্মানোর পর তার বিরুদ্ধে ‘প্রেগনেন্সি আউটসোর্স’ করার অভিযোগ উঠেছে। অনেকে এই অভিনেত্রীর বিরুদ্ধে ‘গর্ভ ভাড়া’ দেওয়া আর ‘রেডিমেড বেবি’ আনার অভিযোগ পর্যন্ত এনেছে। প্রিয়াঙ্কা কী এ ধরনের প্রতিক্রিয়ার কোনোভাবে আশা করেছিলেন, জবাবে তিনি বলেছেন, ‘মানুষ যখন আমার ব্যাপারে কথা বলে, তখন আমি আরও নিজেকে মানসিকভাবে শক্তিশালী করে তুলি।’ ২০১৮ সালে প্রিয়াঙ্কা মার্কিন পপতারকা নিক জোনাসকে বিয়ে করেছিলেন। গত বছর জানুয়ারিতে প্রিয়াঙ্কার কোল আলো করে এসেছে মালতী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত