অর্থমন্ত্রীর সঙ্গে নৈশভোজ

দেশের অর্থনীতির চিত্র জানলেন বিশ্বব্যাংক এমডি

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ০৩:১৪ এএম

বাংলাদেশ সফরের প্রথম দিনেই অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়েছেন বিশ^ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ। এ সময় আন্তরিক পরিবেশে অর্থমন্ত্রী দেশের অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরেন। বিশ্বব্যাংকের এমডি আগ্রহ নিয়ে এসব শোনেন। একাধিক প্রশ্ন করেও অনেক বিষয় জেনে নেন। 

গতকাল শনিবার রাজধানীর এক হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়। এতে অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ অনেকে উপস্থিত ছিলেন। বিশ্বস্ত সূত্রে এসব জানা যায়। সূত্র জানায়, আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ সময় দেশের অর্থ খাতের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা যায়।  

সূত্র জানায়, নৈশভোজে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা তোলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আলোচনাকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ সচিব বিভিন্ন তথ্য-উপাত্ত যোগ করেন। বিশ^ব্যাংকের এমডিকে বিশেষ গুরুত্ব দিয়ে ডলার সংকটেও দেশের রপ্তানি আয়ে রেকর্ড করার কথা জানানো হয়েছে। বিভিন্ন রাজস্ব সংস্কার, পণ্যের বাজারদর স্বাভাবিক রাখতে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েও কথা হয়েছে।   

বাংলাদেশে বিশ্বব্যাংকের এমডি ট্রটসেনবার্গের এটি প্রথম সফর। গতকাল দুপুরে তিনি ঢাকায় এসে পৌঁছান। তিন দিনের সফরে আসা ট্রটসেনবার্গ আজ রবিবার বাংলাদেশ-বিশ্বব্যাংক গ্রুপের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি এবং বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন উদযাপন উপলক্ষে ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে  ট্রটসেনবার্গ বলেন, ‘মানব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু অভিযোজনে সফল উদ্ভাবনের মাধ্যমে দারিদ্র্য কমাতে কী করা যেতে পারে, তা বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিশ^ব্যাংক বাংলাদেশের সঙ্গে তার ৫০ বছরের অংশীদারিত্ব এবং দেশটির উল্লেখযোগ্য উন্নয়ন যাত্রার অংশ হিসেবে গর্বিত। আমি আমার সফরের জন্য এবং এই সাফল্যগুলো সরাসরি দেখার অপেক্ষায় আছি।’

ভ্যান ট্রটসেনবার্গ তার সফরে বাংলাদেশ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে দেখা করবেন। বিশ্বব্যাংক-সমর্থিত প্রকল্পগুলোও পরিদর্শন করবেন তিনি। তার সঙ্গে থাকবেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক ছিল। ব্যাংকটি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। ৫০ বছরে বাংলাদেশকে সব মিলিয়ে ৩ হাজার ৮০০ কোটি ডলার দিয়েছে বিশ্বব্যাংক। এই অর্থ কাজে লেগেছে দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন প্রকল্পে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত