এ সরকার দেশকে আ.লীগের বানাতে চায় : ফখরুল

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ০৩:২৫ এএম

দেশের হিন্দু সম্প্রদায়ের লোকেরা আওয়ামী লীগ সরকারের কাছে এক দিনের টোপর মাথার বরের মতো উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের দেশের লোকেরা আসলেই অনেক সহজ সরল। হিন্দু সম্প্রদায়ের লোকেরাও তাই। তারা বুঝতেও পারে না যে টোপর মাথায় পরা এক দিনের বরের যে কদর থাকে, এক দিনের ভোটকে কেন্দ্র করে এ সরকারের কাছে হিন্দু সম্প্রদায়ের লোকেরাও ঠিক তাই।’

গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে বিএনপি কার্যালয়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল। এর আগে সকালে তিনি দলীয় কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। মির্জা আলমগীর বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় আজ যে মারামারি, হানাহানি, মন্দির ভাঙচুরের মতো সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটছে এগুলো সব বর্তমান আওয়ামী লীগ সরকারই ঘটাচ্ছে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করা আওয়ামী লীগের কাছেই সুরক্ষিত নয়। এ সরকার বারবার সাম্প্রদায়িক ঘটনাগুলো অস্ত্র বানিয়ে বিএনপির ওপর চাপিয়েছে।’

তিনি আরও বলেন, ‘যারাই ভিন্নমত পোষণ করবে তাদেরকেই এ সরকার সন্ত্রাসী বানিয়ে দেয়। তারা এ দেশকে আওয়ামী লীগের দেশ বানাতে চায়। আগামী দিনে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই জবরদখলকারী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। ১৪ বছর ক্ষমতায় থাকা এ সরকারকে আর কোনোভাবেই ভোট চুরির সুযোগ দেওয়া হবে না।’

আগামীতে ২৭ দফা নতুন রূপরেখা অনুযায়ী দেশ পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘দুর্নীতিবাজদের চিহ্নিত করে কমিশন গঠনের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করা হবে। বিচার বিভাগীয় কমিশন গঠন করে জনগণের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পরপর দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারবে না এ লক্ষ্যে সংবিধান সংশোধন করা হবে।’

এ সময় জেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের সভাপতি মনোরঞ্জন সিংসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত