নওগাঁর মান্দা উপজেলায় দুই ভটভটির মুখোমুখি সংঘর্ষে সোনাভান বেগম (৪৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। এই ঘটনায় তার স্বামীসহ আরও তিনজন আহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে রাজশাহীতে এক নারী নিহত এবং ঠাকুরগাঁওয়ে এক পথচারী নিহত হয়েছে। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবরÑ
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সোনাভান ও তার স্বামী রইচ উদ্দিন ভটভটিতে বাড়ি ফিরছিল। পথে চেয়ারম্যানের মোড়ে দুটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হলে ভটভটির সব যাত্রী রাস্তায় ছিটকে পড়ে। এসময় নওগাঁ থেকে আসা রাজশাহীগামী একটি অ্যাম্বুলেন্সও ওই ভটভটির সঙ্গে ধাক্কা লাগে। এতে অ্যাম্বুলেন্সচালক রঞ্জু হোসেন, ভটভটি যাত্রী ইমরান হোসেন ও অপর ভটভটির যাত্রী সোনাভান বেগম ও তার স্বামী রইচ উদ্দিন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে সোনাভানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আরিফ হোসেন জানান, শুক্রবার রাতে আহত অবস্থায় চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে সোনাভান নামে একজনকে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়। এ ছাড়া একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
রাজশাহীতে নারীর মৃত্যু : রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সাহেরা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার বিকেল ৪টার দিকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা-কাঁকনহাট সড়কের রহমতপুর নামক স্থানে ট্রাক ও ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত সাহেরা বেগম গোদাগাড়ী উপজেলার কুপাকান্দি গ্রামের আলম আলীর স্ত্রী। গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শ^শুরের ভ্যানে চড়ে শাশুড়ির জন্য ওষুধ কিনতে যাচ্ছিলেন সাহেরা। পথে একটি ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন সাহেরা। এ ঘটনায় আহত হন সাহেরার শ^শুর। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও পথচারী নিহত : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের ধাক্কায় নজরুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আব্দুল (৩০) নামে আরও একজন। গতকাল শনিবার দুপুরে শহরের গুয়াগাঁ এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবক উপজেলার ভেমটিয়া গ্রামের আমির হোসেনের ছেলে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানায়, শনিবার ইটবোঝাই একটি পাওয়ার টিলার শহরের গুয়াগাঁও এলাকায় নজরুল ও আব্দুল নামে দুই পথচারীকে পেছন থেকে ধাক্কায় দেয়। আহত অবস্থায় তাদের পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। আব্দুলকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল ধাক্কায় শিশু আহত : রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় রোজিনা আক্তার হাবিবা (৪) নামে এক শিশু আহত হয়েছে। গুরুতর আহত ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতিরঝিলসংলগ্ন মধুবাগ ৩ নম্বর গলিতে পরিবারের সঙ্গে থাকে শিশুটি।
গতকাল সন্ধ্যা ৬টার দিকে মগবাজারের মধুবাগসংলগ্ন হাতিরঝিল সড়কে মোটরসাইকেলের ধাক্কায় শিশুটি আহত হয়। প্রথমে পরিচয় অজানা থাকলেও রাতে তার মা রাবেয়া আক্তার হাসপাতালে গিয়ে মেয়েকে শনাক্ত করেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে হাবিবা। তার বাবা রিকশাচালক ও মা রাবেয়া আক্তার পোশাককর্মী।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া ওই মোটরসাইকেলের চালক তানজিনুর রহমান জানান, মোটরসাইকেল চালিয়ে রামপুরা থেকে হাতিরঝিল হয়ে মধুবাগের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় কয়েকটি শিশু একসঙ্গে হাতিরঝিলের রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। তখন তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে শিশুটির। সঙ্গে সঙ্গে তিনি শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
মা রাবেয়া জানান, তিনি ও শিশুটির বাবা কাজে ছিলেন। ছোট ভাই হাবিবকে (৩) নিয়ে বাসায় ছিল হাবিবা। সন্ধ্যার পর তিনি খবর পান, হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে হাবিবা। এরপর হাসপাতালে গিয়ে তাকে দেখতে পান।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছে। জরুরি বিভাগের নিউরোসার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে তাকে।
