সড়কে প্রাণ গেল ৯ জনের

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ০৭:৪০ এএম

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে গতকাল রবিবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। সকালে গোপালগঞ্জ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়। নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে ট্রলির সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক যুবক প্রাণ হারিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এর আগে গত শনিবার রাতে জামালপুরের মেলান্দহ উপজেলায় মাহিন্দ্র উল্টে চালকের মৃত্যু হয়। বিস্তারিত আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর: 

ফরিদপুরে বাবা-মেয়েসহ নিহত ৩ : ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা একটি মোটরসাইকেলের যাত্রী ছিল। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বাসটিতে আগুন দিয়েছে।

নিহতরা হলো নগরকান্দা উপজেলার ধর্মদী এলাকার বাবা মাঈন উদ্দিন শেখ (৩৫), তার কন্যা তাবাসসুম (১০) ও  ভাঙ্গার মাঝারদিয়া এলাকার সৌরভ মাতুব্বর (১৬)। গোপালগঞ্জে নিহত ২ : গোপালগঞ্জ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। গতকাল রবিবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া এলাকায় ট্রাকচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। তার নাম রাজু শেখ (২৪)। তিনি সদর উপজেলার ঘোনাপাড়া থেকে ভ্যান চালিয়ে শহরের মান্দারতলায় আসছিলেন।

এদিকে বেলা ১১টার দিকে একই মহাসড়কের আরামবাগ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হান্নান ফকির (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মোটরসাইকেলচালক সুদীপ্ত বণিক গুরুতর আহত হয়েছেন।

জামালপুরে গাড়িচাপায় চালক নিহত : জামালপুরের মেলান্দহ উপজেলায় মাহিন্দ্র উল্টে চাপা পড়ে মো. ভাসানী নামের এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে উপজেলার টুপকারচর এলাকায় মাহিদ্র গাড়ি উল্টে খাদে পড়ে তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর শহর থেকে বালু নিয়ে উপজেলার নয়ানগর ইউনিয়নের টুপকারচরের একটি মাদ্রাসায় যাওয়ার পথে মাহিন্দ্র উল্টে গিয়ে তার নিচে ভাসানী চাপা পড়েন ভাসানী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাটোরে ট্রলি-সিএনজির সংঘর্ষে নিহত ১ : নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে ট্রলির সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে আমিরুল ইসলাম (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আসলাম উদ্দিন (৪০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল রবিবার সকাল ১০টার দিকে উপজেলার গোপালপুর-বনপাড়া সড়কে গোপালপুর বিএম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আমিরুল বড়াইগ্রাম উপজেলার আঠুয়া গ্রামের আবেদ আলীর ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনোয়ারুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে ট্রলি ও অটোরিকশা দুটি জব্দ করে করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে দুজন নিহত : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। রবিবার সকালে কানসাট-ভোলাহাট সড়কের ঘোষলাদহা ব্রিজ ও গোমস্তাপুর উপজেলার শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোয়াবাড়ি চাঁদপুর দক্ষিণপাড়া গ্রামের দুলাল হোসেন (৩৫) ও গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের দিয়াড় ইসলামপুর গ্রামের তরিকুল ইসলাম (৪২)।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, সকালে দুলাল হোসেন তার নানার বাড়ি ঘোষলাদহা এলাকা থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় কানসাট-ভোলাহাট সড়কের ঘোষলাদহা ব্রিজ এলাকায় একটি ভটভটি ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই দুলাল হোসেন মারা যান।

অন্যদিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, তরিকুল রহনপুর থেকে নিজ বাড়ি চৌডালা যাওয়ার পথে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে গুরুতর জখম হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত