ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচন

সাত্তারকে সমর্থন আওয়ামী লীগের

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ০২:২৪ এএম

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁঞাকে নির্বাচিত করার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানালেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন। গতকাল সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা আওয়ামী লীগের কর্মিসভায় এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় আমি আপনাদের মধ্যে এসেছি। আমি চাই সমম্বিতভাবে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজনৈতিক বৃহত্তর স্বার্থে উকিল আবদুস সাত্তার ভূঁঞাকে নির্বাচিত করবেন। দেশের স্বার্থে-গণতন্ত্রের স্বার্থে সাত্তার সাহেবকে নির্বাচিত করুন।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত কর্মিসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি ছফিউল্লাহ মিয়া। উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক তোফায়েল আলী রুবেল সিকদারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, স্বতন্ত্র প্রার্থী হয়ে সরে দাঁড়ানো জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মঈনউদ্দিন মঈন, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কামরুজ্জামান আনসারী, আবদুল হান্নান রতন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নাসের আহমেদ।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী মো. আব্দুল হামিদ ভাসানীর পক্ষে প্রচারাভিযান চালিয়েছেন জাতীয় পার্টির (জাপা) বিশেষ একটি দল। জাপার প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদের নেতৃত্বে একটি দল গতকাল সোমবার সকালে কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় থেকে রওনা হয়ে আশুগঞ্জ উপজেলা সদর, সরাইলের সদর ও চুন্টা এলাকায় প্রচারণাসহ কয়েকটি সভা-সমাবেশ করেন।

জাতীয় পার্টির চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁঞা বলেন, আমরা চাই জনগণ যেন সঠিকভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এবং জনমতের যথার্থ প্রতিফলন যেন দেশবাসী দেখতে পায়। জাতীয় পার্টি গণতন্ত্রে ও প্রাতিষ্ঠানিকতায় বিশ্বাস করে বলেই নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচন পর্যন্ত কেন্দ্রীয় টিমের প্রচারণা চলবে।

উল্লেখ্য, ২০১৮-এর একাদশ সংসদ নির্বাচনে বিএনপিদলীয় প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বিজয়ী হয়েছিলেন। গত ১১ ডিসেম্বর উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও অংশ নিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। তিনি এ আসনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ভোটের মাঠে জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী ছাড়াও আব্দুস সাত্তারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত