বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির দুই গণমাধ্যমকর্মীর ওপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। হামলাকারীরা টেলিভিশনের গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করে। পরে র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করেছে। আহত দুই গণমাধ্যমকর্মী হলেন এসএ টিভির স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য তাইফুর রহমান তুহিন এবং ক্যামেরাপারসন টিএইচ মুসলিম।
তুহিন জানান, র্যাবের একটি প্রোগ্রাম শেষ করে কারওরান বাজারে মাদক কারবারিদের হামলা শিকার হন তিনি এবং তার ক্যামেরাপারসন। মাদক কারবারিদের ছোড়া ইট-পাটকেলে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং তারা আহত হন।
তুহিনের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ কার্যনির্বাহী কমিটির নেতারা।
