বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ জন

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০৬:৪৪ এএম

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ ঘোষণা করা হয়েছে। ১০ ক্যাটাগরিতে এ বছর এ পুরস্কার পাচ্ছেন ১৫ জন। গতকাল বুধবার বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২২’ এর সদস্যদের অনুমতি এবং বাংলা একাডেমির নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে এ পুরস্কার দেওয়া হয়েছে।

এ বছর যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন কবিতায় ফারুক মাহমুদ ও তারিক সুজাত, কথাসাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন, প্রবন্ধ/গবেষণায় মাসুদুজ্জামান, অনুবাদে আলম খোরশেদ, নাটকে মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল, শিশুসাহিত্যে ধ্রুব এষ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক, বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে মোকারম হোসেন, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনীতে ইকতিয়ার চৌধুরী এবং ফোকলোরে আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বইমেলা ২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেবেন।

উল্লেখ্য, সাহিত্যের অবদানের জন্য ১৯৬০ সাল থেকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার যাত্রা শুরু করে প্রতি বছর নিয়মিতভাবে এই পুরস্কার দিয়ে আসছে। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য ৩ লাখ টাকা ও পুরস্কারপ্রাপ্তদের সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত