এ যেন নতুন কঙ্গনা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১০:৫৮ পিএম

বিতর্কিত পোস্ট, সাম্প্রদায়িক উসকানি ও অশান্তি ছড়ানোর অভিযোগে বরাবরই অভিযুক্ত বলিউডের অন্যতম মেধাবী তারকা অভিনেত্রী কঙ্গনা রানৌত। এ জন্য তার টুইটার অ্যাকাউন্ট পর্যন্ত বাতিল হয়েছিল। ২০২১ সালে টুইটার থেকে বিদায় করা হয় কঙ্গনাকে। ২০ মাস পর অবশেষে অভিনেত্রীর টুইটার অ্যাকাউন্টটি সচল করেছে কর্তৃপক্ষ। এটা অবশ্যই কঙ্গনাভক্তদের জন্য সুখবর। এখন দেখা যাক, কঙ্গনা আবার টুইটারে গরম-গরম মোদ্দা নিয়ে ঝড় তোলেন কি না। তবে সম্প্রতির তার নেট জনতারা অবাক! এ যেন অন্য এক কঙ্গনা। যে অভিনেত্রী সর্বদাই তার বলিউড সহকর্মীদের নিয়ে কটুকথা, সমালোচনায় মত্ত, সেই কঙ্গনাই এক গুচ্ছ সংবাদমাধ্যমের ক্যামেরার একযোগে শাহরুখ খানের ‘পাঠান’ ছবির প্রশংসা করলেন!

ভারতসহ ১০০টির মতো দেশে এক যুগে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা। যার মাধ্যমে দীর্ঘ চার বছর পর রূপালি পর্দায় ফিরলেন বলিউড এই বাদশাহ। মুক্তির প্রথম দিনে ‘পাঠান’-এর হিন্দি সংস্করণ আয় করেছে ৫০-৫১ কোটি রুপি। আর বিশ^ব্যাপী সংগ্রহ করে ১০০ কোটি রুপি। সিনেমাটি নিয়ে শুরু থেকে সমালোচনা ও বিতর্ক হলেও সেই বিতর্কে গেলেন না কঙ্গনা। ‘পাঠান’ মুক্তির দিনই ছবিটি নিয়ে কথা বললেন তিনি। তবে সেটা সমালোচনা নয়, বরং শাহরুখের প্রশংসা করেন। গত বুধবার রাতে অনুপম খেরের সঙ্গে তার আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’র একটি পার্টিতে অংশ নেন কঙ্গনা। এ সময় সদ্য মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘পাঠান’ ছবির প্রশংসা করেন কঙ্গনা। তিনি বলেন, বক্স-অফিস রেকর্ড ভাঙার জন্য হিন্দি ছবিগুলো প্রেক্ষাগৃহে তুমুল লড়াই করছে। কঙ্গনা আরও বলেন, ‘আমি মনে করি, বর্তমানে হিন্দি সিনেমা অন্য ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পিছিয়ে আছে এবং আমরা সবাই শেষ পর্যন্ত নিজেদের সামান্য উপায়ে ব্যবসা ফিরিয়ে আনার চেষ্টা করছি। এই ধরনের চলচ্চিত্র অবশ্যই দরকার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত