বিএনপি থেকে নিরাপদ দূরত্বে হেফাজত

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ০৩:০১ এএম

একসময় হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপির রাজনৈতিক যোগাযোগ থাকলেও এখন নেই। নিজ নিজ অবস্থানে থেকে তারা রাজনীতি করছে। গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে এ কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তারা বলেছেন, বিএনপি সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন প্রভৃতি ১০ দফার আন্দোলন করে যাচ্ছে।

তারা বলেছেন, আন্দোলন যখন চূড়ান্তে পৌঁছবে তখন আরও অনেক রাজনৈতিক দল ও সংগঠন তাতে যুক্ত হবে। হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। হেফাজতের সঙ্গে এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও অন্যান্য ইসলামি দলের সঙ্গে বিএনপির কোনো আলোচনা হয়নি।

অবশ্য বিএনপির কিছু নেতার এমন আশাবাদের বিপরীতে হেফাজতে ইসলামের এক নেতা দেশ রূপান্তরকে বলেন, বিএনপি কী আশা করল না করল তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের পথ এখন ভিন্ন।

হেফাজতে ইসলামের দপ্তর সম্পাদক মহিউদ্দিন রব্বানী গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে বলেন, ‘হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল নয়। তাই আমাদের সঙ্গে বিএনপির কোনো রাজনৈতিক যোগাযোগ হয়নি। আমাদের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের কোনো যোগাযোগ হয়েছে কি না তা আমার জানা নেই।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক ভাইস চেয়ারম্যান দেশ রূপান্তরকে বলেন, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। তখন হেফাজতের পক্ষ থেকে হতাহতের অভিযোগ তোলা হয়েছিল। বিএনপি তখন তাদের পাশে দাঁড়িয়েছিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিবৃতি দিয়ে ঢাকার নেতাদের হেফাজতের নেতাকর্মী ও আলেম-ওলামাদের সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন। খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে বিএনপি নেতাকর্মীরা আগত আলেম-ওলামাদের খাবারদাবার ও উপকরণ দিয়ে সহযোগিতা দেয়।

তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম, ব্রাহ্মণবাড়িয় ও চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধায়। তাদের কারাগারে নেওয়া হয়। নেতাকর্মীদের মুক্তির দাবিতে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে হেফাজত। সরকারের সঙ্গে সমঝোতা করতে হেফাজত মুচলেকা দিয়েছে রাজনীতি না করার। বিএনপি তাই তাদের সঙ্গে যোগাযোগ করছে না।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু দেশ রূপান্তরকে বলেন, ‘হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপির কোনো যোগাযোগ নেই। তারা তাদের কারাবন্দি নেতাদের মুক্তির জন্য সরকারের সঙ্গে সখ্য রেখে চলছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানতে পারলাম, তারা রাজনীতি না করার বিষয়ে সরকারকে মুচলেকা দিয়েছে। পরে অবশ্য সরকারকে মুচলেকা দেয়নি বলে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে।’

হেফাজতের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান বলেছেন, ‘হেফাজতে ইসলাম রাজনীতি না করার বিষয়ে কাউকে মুচলেকা দেয়নি। আমাদের সম্পর্কে উদ্দেশ্যমূলক গালগল্প ছড়ানো হচ্ছে। হেফাজত কখনই রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিল না, আগামীতেও রাজনীতি করবে না। হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। নতুন করে কাউকে রাজনীতিতে না জড়ানোর প্রতিশ্রুতি দেওয়া অবান্তর প্রসঙ্গ।’

বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান দেশ রূপান্তরকে বলেন, ‘বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে বিএনপি গত বছর সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে। অবশ্য ইসলামি দল যেমন জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হেফাজতে ইসলাম প্রভৃতির সঙ্গে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো বৈঠক করেনি। তবে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া প্রভৃতি ১০ দফা দাবি আদায়ে সরকারবিরোধী আন্দোলনে চাইলে যে কেউ অংশ নিতে পারে। জনআকাক্সক্ষা পূরণে সংশ্লিষ্ট কোনো রাজনৈতিক দল এ আন্দোলনের বাইরে থাকতে পারে না।’

তিনি বলেন, ‘বিএনপির দাবির মধ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি রাজনৈতিক নেতা ও আলেম-ওলামাদের মুক্তির বিষয়টি রয়েছে।’

২৬ মার্চ ২০২১ হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বায়তুল মোকাররমের সামনে থেকে মিছিল বের করতে চাইলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এর জেরে ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারী এবং ঢাকায় বায়তুল মোকাররম এলাকায় সহিংস ঘটনা ঘটে। তখন পুলিশ হেফাজতের পাশাপাশি বিএনপি নেতাকর্মীদেরও গ্রেপ্তার করেছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।

৩০ মার্চ ২০২১ গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, আওয়ামী লীগ নেতাদের বরাত দিয়ে গণমাধ্যমে প্রচার করা হয়েছে হেফাজতি তা-বে বিএনপি ইন্ধন দিয়েছে, তাদের কর্মসূচি পালনে সমর্থন দিয়েছে। আমি স্পষ্ট বলতে চাই, হেফাজতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বরং হেফাজতকে উসকানি দিয়েছে, ইন্ধন জুগিয়েছে সরকার। হেফাজত কোনো রাজনৈতিক সংগঠন নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত