প্রধানমন্ত্রীর জনসভা সেজেছে রাজশাহী

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ০৩:২০ এএম

আগামীকাল রবিবার রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের জনসভা। এখানে প্রধানমন্ত্রী রাজশাহীর ৩২ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া সকালে রাজশাহী জেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির এ জনসভাকে সামনে রেখে নতুন সাজে সেজেছে রাজশাহী। পুরো নগরীতে এখন সাজ সাজ রব। এ উপলক্ষে জানুয়ারি মাসের শুরু থেকে নগরী ছাড়াও রাজশাহীর সব উপজেলায় চলছে ব্যাপক প্রস্তুতি। আওয়ামী লীগ নেতারা বলছেন, এ বিশাল জনসভায় স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটবে। রাজশাহী ছাড়াও বিভাগের সব জেলা থেকে নেতাকর্মীদের সমাগম ঘিরে প্রস্তুতি চলছে। নেতারা বলছেন, শুধু জনসভাস্থলই নয়, এদিন পুরো রাজশাহী মহানগরীতে লোকে-লোকারণ্য থাকবে।

প্রায় পাঁচ বছর পর রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিয়েছিলেন তিনি।

এদিকে শুধু রাজশাহীর নয়, বিভাগের সব জেলা থেকেই প্রধানমন্ত্রীর এ জনসভায় নেতাকর্মী আসার প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। রাজশাহী, নাওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট ও বগুড়া জেলা থেকে ট্রেন, বাস, ট্রাক, মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে নেতাকর্মীরা জনসভায় যোগ দেবেন। কোন নেতার নেতৃত্বে কতটি গাড়ি রাজশাহীতে আসবে সেটারও তালিকা করা হয়েছে। জেলার নেতারা উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দায়িত্ব ভাগ করে দিয়েছেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল জানান, সমাবেশকে সামনে রেখে অন্যান্য জেলার নেতাদের সঙ্গে নিয়মিতই যোগাযোগ হচ্ছে। রাজশাহীর বাইরে থেকে যারা আসবেন, তাদের জন্য সর্বোচ্চটা করার প্রচেষ্টা রয়েছে। এ ছাড়া সমাবেশ উপলক্ষে মাদ্রাসা মাঠসহ ১২টি পয়েন্টে ডিজিটাল মনিটরের মাধ্যমে লাইভ দেখানো হবে জনসভা। এ জন্য পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবী কাজ করবে। নির্বিঘেœ যেন মানুষ আসতে পারে ও জনসভা সফল করতে পারে যে লক্ষ্যে যাবতীয় প্রস্তুতিই নেওয়া হয়েছে।

এদিকে, জনসভা প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে জানুয়ারি মাসের শুরু থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। রাজশাহীর পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় গিয়ে সভা-সমাবেশ ও প্রচার মিছিল করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত