ভারতে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, নিহত ১

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০১:৪৮ এএম

ভারতের বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমান প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়েছে। এতে এক পাইলট নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরÑ বিধ্বস্ত হওয়া জঙ্গিবিমান দুটির মধ্যে একটি রাশিয়ায় তৈরি সুখোই এসইউ-৩০ ও অপরটি ফ্রান্সে তৈরি মিরেজ-২০০০। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মধ্য আকাশে দুই বিমানের সংঘর্ষের ফলে বিধ্বস্তের এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রতিরক্ষা সূত্রের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশ রাজ্যের মোরেনা শহরে একটি বিমান বিধ্বস্ত হয়। আরেকটি রাজস্থানের ভরতপুর থেকে ১০০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়েছে। দুটি যুদ্ধবিমানই রাজ্যের গোয়ালিওর বিমানবাহিনীর ঘাঁটি থেকে উড়েছিল। সুখোই বিমানটিতে দুজন পাইলট আর মিরেজ বিমানে একজন পাইলট ছিলেন। সুখোইয়ের দুই পাইলট সংঘর্ষের পর বিমান থেকে বের হয়ে আসেন। তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান এক টুইটার পোস্টে বলেন, ‘মোরেনায় বিমানবাহিনীর সুখোই-৩০ যুদ্ধবিমান ও মিরেজ-২০০০ যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষ হওয়ার খবরটি অত্যন্ত দুঃখজনক। দ্রুত উদ্ধার অভিযান ও ত্রাণ তৎপরতা চালাতে বিমানবাহিনীকে সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত