সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকার এসব দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, গোপালগঞ্জ ও ঝালকাঠিতে পাঁচজনই নিহত হয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। এছাড়া বগুড়া ও মৌলভীবাজারে ট্রাকচাপায় নিহত হয়েছেন আরও তিনজন।
দেশ রূপান্তরের সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত- ঝালকাঠি প্রতিনিধি জানিয়েছেন, জেলার রাজাপুরে ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের নৈকাঠি পালেরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন উপজেলার সদর ইউনিয়নের পূর্ব রাজাপুর এলাকার মৃত আব্দুল করিম হাওলাদারের ছেলে মো. আলী হায়দার মহারাজ (৫৩) ও একই ইউনিয়নের আংগারিয়া গ্রামের মৃত নাজেম আলী তালুকদারের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আনোয়ার হোসেন শাহিন (৫৬)। নিহতরা একে অপরের মামাতো ও ফুপাতো ভাই। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
গোপালগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, জেলার কাশিয়ানীতে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর সিকদার (২৩) গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের মাসুদ সিকদারের ছেলে।
এদিকে চট্টগ্রামের আনোয়ারায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় জমির হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পিএবি সড়কের ঝিওরী মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জমির উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ বটতলা এলাকার জেবল হোসেনের ছেলে। তিনি কোরিয়ান ইপিজেডের একটি জুতা কারখানায় চাকরি করতেন।
ঢামেক প্রতিনিধি জানিয়েছেন, রাজধানীর দক্ষিণখান কাওলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শুভ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুভর বাড়ি কুমিল্লা জেলার সদর থানার ব্রাহ্মণপাড়া এলাকায়। তার বাবার নাম সেলিম।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়ককে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালকসহ ২ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের উত্তরসূর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার ভূনবীর ইউনিয়নের শাসন গ্রামের মৃত রমজান আলীর ছেলে অটোরিকশা চালক আলী আকবর ও শ্রীমঙ্গলের জমজম ফার্মেসির মালিক ব্যবসায়ী মাওলানা সালাহ উদ্দিন।
এছাড়া বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জালাল ফকির (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর জেলার গাবতলী উপজেলার কাগইল বাজার কৈঢোপ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জালাল ফকির ওই এলাকার কৈঢোপ গ্রামের মৃত ফকির চানের ছেলে।
