বাবার শহরে খেলার আগেই দেশে ফিরলেন রবিন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০৩:৫৬ এএম

রবিন দাসের জন্ম আর বেড়ে ওঠা ইংল্যান্ডে। তবে তার শেকড় বাংলাদেশের সিলেটে। সুনামগঞ্জ জেলায় তার আদিবাড়ি। এবার বিপিএলে খেলতে এসেছিলেন ঢাকা ডমিনেটরসে। দুই ম্যাচ খেললেও খুলতে পারেননি রানের খাতা। তাই জায়গা হারান একাদশ থেকে। তবে টুর্নামেন্ট শুরুর আগে বাবার শহরের মাঠে ক্রিকেট খেলতে চেয়েছিলেন রবিন

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ডমিনেটরস নামবে রংপুর রাইডার্সের বিপক্ষে। দিনের প্রথম খেলাটি মাঠে গড়াবে বেলা দেড়টায়। আর এই ম্যাচটাতেই নিজের খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন রবিন। কিন্তু ম্যাচটিতে খেলা হচ্ছে না তার। কারণ গত বৃহস্পতিবার ঢাকা ডমিনেটরসের ক্যাম্প ত্যাগ করেছেন তিনি।

ইংল্যান্ডে ফিরে যাওয়ার আগে তিনি বাংলাদেশের ক্রিকেট ভক্ত ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গেছেন। শীঘ্রই পরিবারের সঙ্গে বাংলাদেশে ফেরার আশাও প্রকাশ করেছেন।

টুর্নামেন্টে তিনি প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু কোনো ম্যাচেই রানের খাতা খুলতে পারেননি। ০ রানেই ফিরতে হয়েছে তাকে। তাই বাদ পড়েছিলেন একাদশ থেকে। তবে অনেকেই ভেবে রেখেছিলেন রবিনের বাবার জন্মভূমি সিলেট পর্বে হয়তো ফের দেখা যেতে পারে তাকে। সেখানে দুটি ম্যাচ খেলবে তার দল ঢাকা ডমিনেটরস। আর এই ম্যাচ দুটিতে খেলা ইচ্ছে ছিলে রবিন দাসের।

বাবার দিকের আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্য ওই সুযোগটি কাজে লাগাতে চেয়েছিলেন রবিন, ‘অবশ্যই! আমি যখন দলের সঙ্গে সিলেটে যাব, তখন আত্মীয়দের সঙ্গে দেখা করতে সেখানে (সুনামগঞ্জ) যাওয়ার পরিকল্পনা করব। আমি আমার আত্মীয়দের দেখতে যাব। আমার বাবার পরিবারের সঙ্গে দেখা করব। সিলেটে বাবার শহরে খেলতে পারা আমার জন্য অনেক বড় ব্যাপার হবে।’

কিন্তু তার সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল। বাবার শহরে ক্রিকেট খেলা আর তার হলো না। তার আগেই ফিরে গেছেন দেশে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হয়তো সুনামগঞ্জ থেকে ছুটে আসবে কোনো এক ভক্ত। ঢাকার ক্রিকেটারদের ভিড়ে হয়তো তাকে খুঁজে বেড়াবে। কিন্তু রবিন দাসকে খুঁজে পাবে না। কারণ ঢাকার ক্যাম্প ত্যাগ করে রবিন ফিরে গেছেন ‘নিজের দেশ’ ইংল্যান্ডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত