বলিউড থেকে টলিউড, প্রিয়াঙ্কা চোপড়ার নাম সর্বত্র বিরাজমান। ক্যারিয়ারের শুরু থেকে বড় হয়ে ওঠার স্বপ্ন দেখার অভ্যাস তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। সমকালীন অভিনেত্রীদের পেছনে ফেলে তিনি পেয়েছেন গ্লোবাল আইকনের খেতাব। বিশ্বের শক্তিশালী ২০০ নারীর তালিকায় নাম উঠেছে তার। এর মধ্যেই আবার ভিন দেশে গিয়ে সংসারও পেতেছেন এই ভারতীয় সুন্দরী। হলিউডের বিখ্যাত গায়ক নিক জোনাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর তাকে ঘিরে সবার অন্য রকম আগ্রহ। সেই আগ্রহ আরও বেড়ে যায় নিক-প্রিয়াঙ্কার মেয়ে মালতি মেরি জোনাসের প্রতি। কিন্তু প্রিয়াঙ্কা এত দিন মেয়ের মুখ দেখাননি। অবশেষে প্রথমবারের মতো প্রকাশ্যে এলো এই হেভিওয়েট তারকা দম্পতির মেয়ের মুখ। হলিউডের ‘ওয়াক অব ফেম’ সম্মান পেয়েছেন নিক জোনাস। আর এই অনুষ্ঠানে হাজির হয় গোটা জোনাস পরিবার। এই অনুষ্ঠানেই মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন প্রিয়াঙ্কা। বাদামি বডিকন পোশাকে মা প্রিয়াঙ্কা। তার কোলে বসা মালতি সেখানেই ক্যামেরাবন্দি। সাদা জামা, মাথায় সাদা ফুলের হেয়ার ব্যান্ড। তবে মেয়ের ত্বক কিংবা চেহারায় তেমন ভারতীয় ছাপ নেই। ছোট্ট মালতিকে দেখা মাত্র সবাই একবাক্যে মানছেন, মেয়েকে দেখতে একেবারে বাবার মতো। আর এই ছবি ঘিরে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
গত বছর ‘সারোগেসি’ পদ্ধতিতে ভূমিষ্ঠ হয় নিক-প্রিয়াঙ্কার কন্যাসন্তান মালতি মেরি চোপড়া জোনাস। সংবেদনশীল স্বাস্থ্য নিয়ে জন্মগ্রহণ করে মেয়েটি। হাসপাতালে দীর্ঘদিন এই প্রতিকূল স্বাস্থ্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায় খুদে মালতি। তবে শেষমেশ সব অসুস্থতাকে দূরে সরিয়ে মায়ের কোলে ফিরে আসে শিশুকন্যা। তারপর থেকে এক বছর কেটে গেলেও এত দিন মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি প্রিয়াঙ্কা বা নিক কেউই।
