আইএফসির এশিয়ার নতুন ভাইস প্রেসিডেন্ট রিকার্ডো পুলিতি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫০ এএম

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশ্বব্যাংকের বিনিয়োগ সংস্থা আইএফসির নতুন আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রিকার্ডো পুলিতিকে। এসব অঞ্চলের অর্থনৈতিক মন্দা দূর করাসহ একাধিক সংকট মোকাবিলা করাই তার অন্যতম লক্ষ্য।

গতকাল বুধবার আইএফসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, একাধিক সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রতিক্রিয়া দূর করতে কাজ করবেন পুলিতি। বেসরকারি খাতের উন্নয়নে উৎসাহিত করতে, সবুজ, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পুনরুদ্ধারের জন্য কার্যকর বিষয়গুলো তিনি চিহ্নিত করবেন। এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কভিড-১৯ এর আঘাত, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং খাদ্য ও শক্তির উচ্চ মূল্যসহ বৈশ্বিক আর্থিক সংকটে ভুগছে। এছাড়াও, বিশ্বব্যাংকের সাম্প্রতিক গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস রিপোর্ট অনুযায়ী, দুর্বল বৈশ্বিক প্রবৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এই অঞ্চলকে সংকটে ফেলেছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নতুন ভাইস প্রেসিডেন্ট  বেসরকারি খাতের বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

পুলিতি বলেন, এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি বৃদ্ধিসহ আরও বেসরকারি বিনিয়োগের জরুরি প্রয়োজন। নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে এবং উৎসাহিত করার জন্য সঠিক নীতির প্রয়োজন। এই অঞ্চলের দেশগুলো তাদের বৃহৎ অপূরণীয় বিনিয়োগের চাহিদা মেটাতে সাহায্য করার জন্য বেসরকারি খাতে অর্থায়ন করতে পারে। বাস্তবতা হলো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতিতে বিনিয়োগ বৃদ্ধির অপার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলকে ঘুরে দাঁড়াতে হবে। জলবায়ু সহনশীল সবুজ উন্নয়ন জরুরি। এই অঞ্চলের জনগণের জন্য ডিজিটাল অবকাঠামো সরবরাহ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত