পরপর দু’বার অস্ট্রেলিয়া ও উত্তর কোরিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারালেও এবার পারলেন না মাহফুজা আক্তার কিরণ। তাকে বড় ব্যবধানে হারিয়ে চার বছরের জন্য ফিফার কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন লাওসের প্রার্থী কানিয়া কাওমানি। গতকাল বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত এশিয়ান ফুটবল কনফেডারেশন্সের (এএফসি) নির্বাচনী কংগ্রেসে ফিফার সদস্যপদের জন্য নির্বাচনে হেরে যান কিরণ।
ক্রীড়া সংগঠকের যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলেও এতদিন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনসহ বেশ ক’জন শীর্ষ কর্মকর্তার নানারকম চেষ্টার ফলস্বরূপ ফিফা ও এএফসি দুই সংস্থাতে ছিলেন কিরণ। এও শোনা যায়, বাফুফের সাবেক একজন বিত্তশালী সহ-সভাপতিকে দিয়ে লবিং করিয়ে গেলবার উত্তর কোরিয়ার প্রার্থীর বিরুদ্ধে জয়লাভ করেন কিরণ। পরবর্তী সময়ে সেই সহ-সভাপতির অবদান ভুলে যান বাফুফে সভাপতি ও কিরণ। এবার অবশ্য তার হয়ে লবিং করার মতো ছিলেন কেবল সালাউদ্দিন। তবে দীর্ঘদিন সাফ ও বাফুফের দায়িত্বে থেকেও সেভাবে ফুটবলের উন্নয়ন করতে পারেননি এই সংগঠক। গতকাল ৪৫টি সদস্য দেশ ভোট প্রয়োগ করলেও দুটি ভোট বাতিল হয়। ৪৩ ভোটের মধ্যে লাওসের কানিয়া কাওমানি পেয়েছেন ৩৬ ভোট। আর কিরণ পেয়েছে সাত ভোট।
